এক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরে জলাবদ্ধতা
বগুড়ায় গতকাল বৃহস্পতিবার ঘণ্টা খানেক মুষলধারে বৃষ্টি হয়েছে। তাতেই শহর পানিতে টইটম্বুর। শহরের প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতার। শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ স্থান থেকে এই পানি সরে যেতে সময় লেগেছে কয়েক ঘণ্টা।
দিনভর থেমে থেমে টিপ টিপ বৃষ্টি হলেও বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে সবচেয়ে বেশি। বগুড়ার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক শাহ আলম জানান, ওই এক ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের কেন্দ্রস্থল সাতমাথার জিলা স্কুলের সামনে, শেরপুর সড়কের প্রবেশমুখ, পার্ক রোড, টেম্পল সড়ক, সাতমাথা থেকে থানা মোড় পর্যন্ত কবি নজরুল ইসলাম সড়ক, আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শেরপুর সড়কের সংযোগ রাস্তা, ঝাউতলা থেকে বড়গোলা সড়ক, চকযাদু সড়ক, মালগুদাম লেন, সেউজগাড়ি কারমাইকেল সড়কসহ শহরের অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের।
সাতমাথায় পথচারী আবদুল ওয়াজেদ জানান, একটু বৃষ্টিতেই শহরের কেন্দ্রস্থলে হাঁটুপানি জমেছে। বৃষ্টি থেমে যাওয়ার পরও জলাবদ্ধতা কমছে না। পৌরসভার নালা দিয়ে পানি না সরার কারণেই এমনটা ঘটছে। পার্ক রোডের ব্যবসায়ী শাকিল তালুকদার জানান, বৃষ্টি এলেই সড়কের জলাবদ্ধতার কারণে এ সড়কের দোকানিদের ব্যবসা লাটে ওঠে। বাদুরতলার বাসিন্দা শাহীন হাওলাদার বলেন, পৌরসভার নালা পরিষ্কার না থাকায় সহজে পানি সরছে না।
জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা শাহীন রহমান বলেন, শহরের নাজুক নালা-ব্যবস্থাপনার জন্য পৌরসভাকে ঢালাও দোষ দিয়ে লাভ নেই। শহরবাসীর মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। শহরের অধিকাংশ মহল্লায় বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে পানিনিষ্কাশনের নালায়। এতে বৃষ্টি হলে পানিনিষ্কাশন ব্যাপকভাবে ব্যাহত হয়।