এক ঘণ্টার বৃষ্টিতে সিলেট জলমগ্ন
মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে সিলেট। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়। তবে বেলা আড়াইটার দিকে পানি নেমে যায়।
ভুক্তভোগী মানুষের অভিযোগ, সামান্য বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দিলেও সিটি করপোরেশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, নগরের সেনপাড়া, শিবগঞ্জ, লামাপাড়া, রায়নগর, মীরাবাজার, সোনারপাড়া, আগপাড়া, শাহী ঈদগাহ, পাঠানটোলা, যতরপুর, হাওয়াপাড়া, বারুতখানা, দরগাগেট, ঝালোপাড়াসহ অন্তত ২৫টি এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার বাসাবাড়িতে পানি ওঠায় দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে।
দরগাগেট এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করার জন্য এক রোগীকে নিয়ে এসেছিলেন আমজাদ। তিনি ক্ষুব্ধ হয়ে জানান, সকালে এসেছি। এক ঘণ্টার বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা দেখা দেওয়ায় কোনো যানবাহন পাচ্ছি না।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য একটি নতুন প্রকল্প শিগগিরই নেওয়া হবে। এটা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।