এক ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা

সন্ধ্যায় টানা এক ঘণ্টার মুষলধারের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে যায় কয়েকটি সড়ক। বৃষ্টির পানি জমে থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী।
সরেজমিনে পাওয়া তথ্য ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাত আটটার দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে। তবে রাত নয়টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজারের কাঁচাবাজার, কাপাসগোলা, এমএম আলী রোড, আগ্রাবাদ ও বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রসিং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। নালা ও খালের পানি উপচে বিভিন্ন সড়ক ডুবে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়।

নগরের প্রবর্তক মোড় এলাকায় প্রাইভেটকার চালক মোহাম্মদ জসিম প্রথম আলোকে বলেন, সন্ধ্যার বৃষ্টিতে প্রবর্তক মোড়ের সড়কে কোমরসমান পানি জমে যায়। ফলে গাড়ি নিয়ে রাস্তার ওপর এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। রাত সাড়ে আটটায় যান চলাচল স্বাভাবিক হয়।
নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা ও পোশাক কারখানার কর্মকর্তা ত্রিদিব ব্যানার্জী রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘কাজীর দেউরি থেকে মুরাদপুরের উদ্দেশে রওয়ানা

দিয়েছি সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু এখনো দুই নম্বর গেটে গাড়ির জ্যামে আটকে আছি। এখানে কোমরসমান পানি জমে আছে। বাসায় কখন ফিরতে পারব তা এখনো জানি না।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, টানা বৃষ্টিতে নগরের কয়েকটি সড়কে কিছু সময়ের জন্য পানি জমে যায়। নালাগুলোর ধারণক্ষমতা কম হওয়ায় সড়কে পানি জমেছে। তবে বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই পানি নেমে গেছে।