এক ঘণ্টার বৃষ্টিতেই সড়কের পাশে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এক ঘণ্টার বৃষ্টিতে রংপুর নগরের উল্লেখযোগ্য সড়কের দুই পাশে পানি জমে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সঙ্গে কিছু পাড়া-মহল্লার সড়কেও পানি জমে যায়। নিষ্কাশনব্যবস্থা দুর্বল হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে সড়কে এই করুণ অবস্থার সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘণ্টা খানেক বৃষ্টি হলে নগরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সিটি বাজার পর্যন্ত আধা কিলোমিটার সড়কের এক পাশে পানি জমে যায়। এই স্থানে ফুটপাতে চলাচল করার সময় ময়লা পানি ছিটকে এসে অনেকের গায়ে পড়ে।
সরকারি বালিকা বিদ্যালয়ে সন্তানকে নিতে আসা একজন অভিভাবক শহরের সেনপাড়ার হোসনে আরা বলেন, ‘রাস্তায় পানি জমে গেলে সেই পানি সরতেই চায় না। ময়লা জমতে জমতে নর্দমার মুখগুলো মনে হয় বন্ধ হয়ে গেছে।’
শহরের লক্ষ্মী সিনেমা হলের সামনের সড়কেও ময়লা পানি ডিঙিয়ে ফুটপাতে যেতে দেখা যায় অনেককে। সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, নর্দমার মুখগুলো নিয়মিত পরিষ্কার রাখলে এই পানি খুব সহজে চলে যেত। সড়কের পাশে পানি জমে থাকায় চলাচলে বিড়ম্বনা দেখা দেয়।
জাহাজ কোম্পানি মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত, জেলা পরিষদ কমিউনিটি সেন্টার বিপণিবিতানের সামনের সড়কে পানি জমে থাকতে দেখা যায়। মন্থনা রোড, কোতোয়ালি থানার সামনের সড়ক, জিএল রায় রোড, সার্কিট হাউসের সামনে, লালকুঠি, ধাপসহ আরও অনেক সড়কে পানি জমে থাকতে দেখা যায়।
নগরের বাবুখাঁ, গণেশপুর, মুলাটোল, কেরানীপাড়া, বালাপাড়া, রামপুরা, আলমনগর, নিউ জুম্মাপাড়া, নীলকণ্ঠ, জলকর, মেডিকেল পূর্ব গেট, নিউ শালবন, শালবন মিস্ত্রিপাড়া, রবার্টসনগঞ্জ, মণ্ডলপাড়া, কামারপাড়া, বাহারকাছনাসহ আরও বেশ কিছু এলাকার সড়কে পানি জমে চলাচলে বিড়ম্বনার সৃষ্টি হয়।
গণেশপুর এলাকার হেলাল উদ্দিন বলেন, নিচু এলাকা। তাই সড়কে পানি জমে যায়। পানি যে অন্যত্র সরে যাবে, তারও কোনো উপায় নেই। মেডিকেল পূর্ব গেট এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, ‘রাস্তায় কাদা-পানি। কী যে দুর্ভোগ তা তো দেখতেই পারছেন?’
বিভাগ উন্নয়ন সামাজিক আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, সড়কের পাশে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, বিভিন্ন ভবন তৈরির সময় লোকজন নর্দমার ব্যবস্থা না করে বাড়িঘর নির্মাণ করেছেন। এর ফলে বৃষ্টি হলে সব পানি সড়কের মধ্যে গিয়ে পড়ছে। শহরের প্রধান সড়কের নির্মাণকাজ চলার কারণে নাগরিকদের কিছুটা সমস্যা হচ্ছে।