এক ঘণ্টার বৃষ্টিতেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা। গতকাল শনিবার দুপুরে ভারী বৃষ্টিপাতের পর বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, বৃষ্টি শুরুর পর নগরীর সিডিএ অ্যাভিনিউ, বহদ্দারহাট, মুরাদপুর, প্রবর্তক মোড় ও মেহেদীবাগ এলাকার সড়কে যানজট দেখা দেয়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। গতকালের বৃষ্টিতে বাকলিয়া, আগ্রাবাদ ও হালিশহরের নিচু এলাকায় পানি জমে যায়। বৃষ্টির সময় সৃষ্ট দমকা বাতাসে নগরের একাধিক জায়গায় বড় বড় গাছের ঢাল ভেঙে সড়কে আছড়ে পড়ে। এতে কোনো কোনো এলাকায় বিদ্যুতের প্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্টেডিয়াম বিক্রয় ও বিতরণ অঞ্চল থেকে কয়েকটি এলাকায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বলেন, বৃষ্টির পর সড়কে পানি জমলেও খালে পানির প্রবাহ বাড়েনি। সড়ক থেকে খাল পর্যন্ত যে সার্ভিস খালগুলো আছে, সেগুলো পর্যাপ্ত পরিষ্কার ছিল না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬২ দশমিক ৮ মিলিমিটার (ছয় ইঞ্চির বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।