এক ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় মিলনা আক্তার (৩৫) নামের এক নারী ও অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর বনানী ও খিলক্ষেত এলাকায় এই ঘটনা দুটি ঘটে। দুজনই রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান বলে দাবি রেলওয়ে পুলিশের।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর প্রথম আলোকে বলেন, মিলনা আক্তার দিনমজুরের কাজ করতেন। কাজে যাওয়ার জন্য আজ সকাল নয়টার দিকে খিলক্ষেত রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেসের একটি ট্রেন পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনার পর মিলনা মারা যান। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনায়। স্বামীর নাম খায়রুল মিয়া। মিলনা ভাটারা এলাকায় থাকতেন।

এ ঘটনার এক ঘণ্টা আগে আজ সকাল আটটার দিকে বনানী রেলস্টেশনসংলগ্ন উত্তর পাশে রেললাইনে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ধাক্কা দেয় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।