রংপুরের তারাগঞ্জের ১৫৩টি রাস্তায় আগামী ১ সেপ্টেম্বর এক ঘণ্টায় আড়াই লাখ গাছ লাগানো হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গতকাল বিকেল চারটায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা। তিনি বলেন, ১ সেপ্টেম্বর ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন। এর আওতায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার মানুষ ১৫৩টি রাস্তার ধারে ৪০ প্রজাতির ফল, ফুল ও ঔষধি গাছ লাগাবে।
ইউএনও জানান, কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নারী-পুরুষদের নিয়ে ৪০টি সভা করা হয়েছে। এসব সভায় জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তারা ১ সেপ্টেম্বর সকাল সাতটায় কোদাল নিয়ে রাস্তায় নেমে আসবে। এরপর এক ঘণ্টায় প্রায় আড়াই লাখ চারা রোপণ করবে তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাফুজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম প্রমুখ।