
‘মাদক নয়, জীবনকে ভালোবাসুন’ স্লোগান নিয়ে নেত্রকোনায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা ২০১৭ হয়েছে। গতকাল বুধবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ৬০ জন যুবক এই ম্যারাথনে অংশ নেন। সকাল সাড়ে নয়টার দিকে সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহি গ্রামের মাঠ থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম। এর আগে বক্তব্য দেন সংস্থাটির কর্মসূচি পরিচালক আলতাফুর রহমান ও চিকিৎসক মাকসুদুর রহমান। পরে ওই স্থান থেকে প্রতিযোগীরা দৌড় শুরু করেন। শহরের ইসলামপুর, মালনী রোড, চক বাজার, বড় বাজার, তেরিবাজার, ছোট বাজার, মোক্তারপাড়া হয়ে কুড়পাড় এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সাড়ে ১০টায় শেষ হয়। এতে এক ঘণ্টায় তাঁদের অন্তত সাত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। এ সময় পথের দুই পাশে থাকা উৎসুক মানুষ হাত নেড়ে প্রতিযোগীদের উৎসাহ জোগান।
পরে বেলা একটার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা তিনজনকে স্মারক প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ফরিদপুর গ্রামের ফারুক মিয়া ও হাফিজুর রহমান এবং রায়দুমরুহী গ্রামের প্রণয় চন্দ্র পণ্ডিত। এ ছাড়া সবাইকে একটি করে ফলদ গাছের চারা দেওয়া হয়। এর আগে সংস্থাটির নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মো. আলমগীরের পরিচালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল হক প্রমুখ।