এক-চতুর্থাংশ শয্যা ফাঁকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালটির নাম ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ। গত সোমবার সেখানে ৪৪টি শয্যা ফাঁকা ছিল। গড়ে ফাঁকা থাকে প্রায় এক-চতুর্থাংশ শয্যা। ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে শয্যা না পেয়ে রোগীদের মেঝেতে শুয়ে থাকতে দেখা গেলেও ওই হাসপাতালটি অন্য রকম।শহরের খানপুরে অবস্থিত হাসপাতালটির বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৯০০ রোগী সেবা নেয়। সে তুলনায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা খুবই কম। রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঙ্ক্ষিত সেবা না পেয়ে এবং চিকিৎসক ও সেবিকাদের পরামর্শে হাসপাতালের পাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চলে যায় তারা।এ প্রসঙ্গে ১৫ এপ্রিল কথা হয় গাইনি বিভাগে ভর্তি হওয়া রোগী সোনিয়া আক্তারের ভাই মো. জুবায়ের হোসেনের সঙ্গে। জুবায়ের বলেন, ওই দিন বিকেলে সোনিয়ার প্রসব বেদনা উঠলে সেবিকারা দ্রুত অস্ত্রোপচার করাতে বলেন। কিন্তু গাইনি ও অ্যানেসথেসিয়ার কোনো চিকিৎসক ওই মুহূর্তে ছিলেন না। সেবিকারা তাই কোনো বেসরকারি ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন। বলে দেন, কোন ক্লিনিকে কত খরচ হবে। জুবায়ের জানান, মাতৃসেবা নামের একটি ক্লিনিকে যাওয়ার ১০ মিনিটের মধ্যে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের গাইনির সিনিয়র কনসালট্যান্ট জাহাঙ্গীর আলম সেখানে হাজির হন এবং অস্ত্রোপচার করেন।এ ব্যাপারে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি যদি জানতাম ওই রোগী (সোনিয়া) আমার হাসপাতাল থেকে গেছে, তবে আমি অস্ত্রোপচার করতাম না। হাসপাতালেই পাঠিয়ে দিতাম।’ গাইনি বিভাগে অতিরিক্ত বিশেষজ্ঞ প্রসঙ্গে তিনি বলেন, ‘জনবল বেশি থাকলে সুবিধা হয়। তবে আমাদের কেউ কেউ বিভিন্ন ব্যক্তিগত সমস্যায় মাঝেমধ্যে একটু দেরি করে আসেন।’হাসপাতালটির গাইনি বিভাগে ভর্তি হওয়া আরেক রোগীর স্বজন মামুন বলেন, ‘হাসপাতালে ডাক্তারগো সময়মতো পাওন যায় না। দুপুর তিনটার পর তো কোনো ডাক্তারই থাকে না। তারা খালি তাগো চেম্বার ও ক্লিনিকে যাইবার কয়।’অথচ সেখানে সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্টের দুটি পদের বিপরীতে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। এর মধ্যে পারুল আক্তার সিনিয়র কনসালট্যান্ট প্যাথলজি, মুশাররাত সুলতানা সিনিয়র কনসালট্যান্ট রেডিওলজি, সৈয়দা মিশকাত জাহান জুনিয়র কনসালট্যান্ট ব্লাড ব্যাংক ও মাসউদা সুলতানা সিনিয়র কনসালট্যান্ট মানসিক বিভাগে বদলি নিয়েও গাইনি বিভাগেই কাজ করছেন। চিকিৎসক আমিনা খান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেসথেটিস্ট পদে বদলি হলেও আবার প্রেষণে এই বিভাগে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দেন। জামালপুর জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের কামরুন্নাহার প্রেষণে কাজ করছেন এই বিভাগে।গত বৃহস্পতি, শনি ও রোববার সকাল ১০টার দিকে ১৮ নম্বর ওয়ার্ডে গিয়ে গাইনি বিশেষজ্ঞ কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। ওয়ার্ডের ভেতর ঘুরছিল দুটি বিড়াল।সব থেকেও নেই যেখানে: হাসপাতালে আধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও ২০০৪ সাল থেকে সেখানে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। মেশিনটি পরিচালনা ও প্রতিবেদন দেওয়ার জন্য সিনিয়র কনসালট্যান্ট রেডিওলজিস্ট পদ থাকলেও সেখানে গাইনি বিশেষজ্ঞ মুশাররাত সুলতানাকে নিয়োগ করা হয়েছে।এক্স-রে ও ফিজিওথেরাপি বিভাগের তিনটি মেশিনের মধ্যে দুটি করে মেশিন ছয় বছরের বেশি সময় ধরে নষ্ট। একটি মেশিন দিয়ে এক্স-রে করা হলেও রোগীদের কোনো প্রতিবেদন দেওয়া হয় না। কারণ, রেডিওলজিস্ট বিশেষজ্ঞ পদেও মুশাররাত সুলতানাকেই নিয়োগ দিয়ে রাখা হয়েছে। নোংরা পরিবেশ ও দালালদের দৌরাত্ম্য: হাসপাতালের নিচতলায় রান্নাঘরে নোংরা পরিবেশে রান্না হয়। খোলা ভাতের গামলার নিচেই দেখা গেছে ঝাড়ু, ভাতের ওপর মাছি বসা। ওয়ার্ডগুলোর বিছানা ও মেঝে নোংরা। দালালেরা রোগীদের কাছ থেকে চিকিত্সকের লেখা পরামর্শপত্র ছিনিয়ে নিয়ে নিজেদের পছন্দমতো ফার্মেসি ও রোগ নির্ণয়কেন্দ্রে যেতে বলেন। অনেক চিকিৎসকও রোগীদের রোগ নির্ণয়কেন্দ্রের নাম বলে দেন। গত শনিবার হাসপাতালের সামনে হেলপ লাইন মেডিকেল সার্ভিসেস থেকে বের হয়ে রোগী জসিম (২৫) জানান, তাঁর পেটে ব্যথা হয়েছে। মেডিসিন বিভাগের চিকিৎসক তাঁকে এখানে আলট্রাসনোগ্রাম করাতে বলেছেন।২৩ বছর ধরে ভারপ্রাপ্ত মেট্রন: হাসপাতালে মেট্রন বা সেবা তত্ত্বাবধায়ক ও উপসেবা তত্ত্বাবধায়কের দুটি এবং নার্সিং সুপারভাইজারের ১০টি পদ রয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠার এক বছর পর ১৯৮৭ সাল থেকে শুরু করে ২৩ বছর ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে সেবা তত্ত্বাবধায়কের পদ। বর্তমানে নার্সিং সুপারভাইজার লীলা চক্রবর্তী একই সঙ্গে সেবা তত্ত্বাবধায়ক ও উপসেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। নার্সিং সুপারভাইজারের পাঁচটি পদ রয়েছে শূন্য। এ বিষয়ে নার্সিং অধিদপ্তরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট মেডিসিন, সিনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেসিওলজি ও অ্যানেসথেটিস্ট এবং গাইনি বিভাগে চিকিৎসা কর্মকর্তার চারটি পদ শূন্য আছে।হাসপাতালের অন্তত এক কিলোমিটারের মধ্যে অর্ধশত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্র গড়ে উঠেছে। জানা গেছে, হাসপাতালের চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মচারীরা নিজেরা এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যুক্ত হয়ে এসব ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রের ব্যবসা করছেন। অভিযোগ রয়েছে, এই চক্র ইচ্ছা করে হাসপাতালের মেশিনপত্র নষ্ট করে এবং মেশিন মেরামতে বাধা সৃষ্টি করে।হাসপাতালটির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছরের মে মাসে একটি কমিটি করা হলেও এ পর্যন্ত ওই কমিটির কোনো সভা হয়নি।হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম সাখাওয়াত হোসেন গত রোববার প্রথম আলোকে বলেন, মানুষ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের প্রতি আগ্রহী। সচ্ছল রোগীরা ভালো সেবা পেতে ক্লিনিকে চলে যায়। হাসপাতালের কোনো চিকিৎসক, সেবিকা ও কর্মচারী বাইরের ক্লিনিক ও হাসপাতালে রোগী পাঠান—এমন কোনো অভিযোগ শোনেননি জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।তত্ত্বাবধায়ক বলেন, ফিজিওথেরাপি ও এক্স-রে মেশিনের নষ্ট হওয়া যন্ত্র ঠিক করতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গাইনি বিভাগে অতিরিক্ত বিশেষজ্ঞের নিয়োগ প্রসঙ্গে বলেন, দেশে কয়েকটি বিষয়ে বিশেষজ্ঞের অভাব থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় অতিরিক্ত ছয়জন গাইনি বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে। প্রয়োজনীয় বিশেষজ্ঞ পদ পূরণে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।