এক চিকিত্সক দিয়েই চলছে সব কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে পাঁচজন থাকলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিত্সক কর্মরত আছেন। তিনি হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কিন্তু প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় তিনিও বেশির ভাগ সময় চিকিত্সাসেবা দিতে পারেন না। এই অবস্থায় পাঁচজন চিকিত্সা সহকারী রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দিচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা আশুতোষ সিংহ ও চিকিত্সা কর্মকর্তা দেবাশীষ সিংহ উচ্চতর কোর্স করতে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজে অবস্থান করছেন। গাইনি বিভাগের একমাত্র বিশেষজ্ঞ সুধাকর কৈরী প্রেষণে মৌলভীবাজার সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন। শ্রীমঙ্গল সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার নিশিত নন্দী মজুমদার প্রেষণে কমলগঞ্জ হাসপাতালে দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি আসছেন না। প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় একমাত্র চিকিত্সক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাইয়ুম চিকিত্সাসেবায় সময় দিতে পারেন না।পাঁচ মাসের সন্তানকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা নিতে আসা ইসলামপুর ইউনিয়নের শেফালী বেগম অভিযোগ করেন, দীর্ঘ সময় বসে থেকেও তিনি কোনো চিকিত্সকের দেখা পাননি। একই অভিযোগ করেন মৃর্ত্তিঙ্গা চা বাগানের কম্ভুপাষী, চিতলিয়া গ্রামের শিল্পী বেগম, বড়গাছ গ্রামের শায়লা বেগম, করিমপুরের জাহানারা বেগম ও মুন্সীবাজারের হেপী বেগম।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাইয়ুম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার কিছু করার নেই। সিভিল সার্জনসহ স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে এ অবস্থার কথা অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’