চিকিৎসক সংকটে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে চিকিৎসকের পদ ১০টি থাকলেও কর্মরত আছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ২ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকলে অপর চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমশিম খান।
৭ অক্টোবর সকালে সরেজমিনে দেখা যায়, বেলা ১১টায় বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সারি। ৬০-৭০ জন রোগী চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আবু আহাম্মেদ শাফীর কক্ষের বাইরে অপেক্ষা করছে। একজন চিকিৎসক হওয়ায় রোগী দেখতে সময় বেশি লেগে যাচ্ছে। অন্তর্বিভাগের ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন। কয়েকজন নার্স রোগীদের সেবা দিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গড়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০ রোগী চিকিৎসা নেয়। গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি থাকে। কিন্তু এসব রোগীকে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য যতজন চিকিৎসক প্রয়োজন, তা এখানে নেই।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এখানে চিকিৎসকের ১০টি পদ রয়েছে। এর মধ্যে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), ডেন্টাল সার্জন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও দুটি চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য। এর মধ্যে গাইনি বিশেষজ্ঞের পদ তিন মাস এবং অন্যান্য বিশেষজ্ঞের পদ এক থেকে দেড় বছর ধরে শূন্য। হাসপাতালটিতে ২৫ জন নার্স থাকার কথা থাকলেও আছেন ১৬ জন। আলট্রাসনোগ্রাম মেশিন এক বছর ধরে বন্ধ।
কয়েকজন রোগী ক্ষুব্ধ হয়ে বলেন, দূরদূরান্ত থেকে এসে ভালো সেবা না পেয়ে সমস্যার মধ্যে পড়তে হয় তাঁদের। পুরো হাসপাতালে মাত্র একজন চিকিৎসক। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চিকিৎসকের সেবা নিতে হচ্ছে। এ হাসপাতালের বেশির ভাগ সরকারি ওষুধ রোগীদের ভাগ্যে জোটে না। এ ছাড়া এক বছর ধরে আলট্রাসনোগ্রাম মেশিন বিকল। চিকিৎসকের অভাবে দুই বছর ধরে অপারেশন থিয়েটারটিও বন্ধ রয়েছে।
তিলেকপাড়া গ্রামের মিসিরন বেগম বলেন, তিনি গরিব মানুষ। জ্বর নিয়ে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। একবার একজন চিকিৎসক এসেছিলেন। দুই দিন পার হলেও আর চিকিৎসকের দেখা পাননি। নার্সরা তাঁকে স্যালাইন লাগিয়ে রেখেছেন।
খুলাবাড়ী গ্রামের নূর মোহাম্মদ বলেন, অসুস্থ অবস্থায় ৭ অক্টোবর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন রোববার বেলা ১১টা পর্যন্ত তাঁকে দেখতে কোনো চিকিৎসক আসেননি। নার্সদের চিকিৎসা নিয়েই তিনি রয়েছেন। ভর্তির পর এখনো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ ওয়ার্ডে আসেননি।
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স সুমি মিস্ত্রি বলেন, ‘বর্তমানে মাত্র ১৬ জন নার্স কর্মরত। তাই কখনো কখনো রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয়। এ ছাড়া পুরো হাসপাতালে মাত্র একজন মেডিকেল অফিসার। অনেক সময় রোগী বেশি থাকলে চিকিৎসকের অনেক কাজও আমাদের করতে হয়।’
চিকিৎসক সংকটের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম শফিকুর রহমান বলেন, ‘চিকিৎসকদের ধরে রাখা যায় না। কিছুদিন থাকার পর তাঁরা বদলি হয়ে যান। পুরো হাসপাতাল চালাতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক সংকটের কারণে অনেকটা বাধ্য হয়ে প্রায়ই ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে দুজন চিকিৎসককে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকের অভাবেই অপারেশন থিয়েটার বন্ধ রাখতে হয়েছে। গত মাসেও বিষয়গুলো সিভিল সার্জনকে জানানো হয়েছে।’
জামালপুরের সিভিল সার্জন মো. মোশায়ের উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন চিকিৎসককে দেওয়া হয়েছে। তাঁরা এখনো যোগদান করেননি। দ্রুত সময়ের মধ্যে তাঁরা যোগদান করলে চিকিৎসক সংকট কেটে যাবে। বাকি সমস্যাগুলোও দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।’