এক চিকিৎসক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে এক নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার ঘটনায় চিকিৎসক ইশরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।
গতকাল মঙ্গলবার এসব সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে। কমিটির অন্য দুই সদস্য হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান শাহান আরা চৌধুরী ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।
চিকিৎসককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের সচিব আবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, অভিযুক্ত চিকিৎসককে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে।
আর কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত শনিবার সকালে প্রসববেদনা নিয়ে মেমন মাতৃসদন হাসপাতালে ভর্তি হন নগরের হালিশহর বি-ব্লকের বাসিন্দা নিশাত জেরিন। পরদিন রোববার রাত সাড়ে আটটার দিকে গর্ভাবস্থায় শিশুটির মৃত্যু হয়। গত সোমবার সকালে অস্ত্রোপচার করে মৃত শিশু বের করা হয়। চিকিৎসকের অবহেলায় গর্ভাবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে নিশাত জেরিনের স্বামী শাহ নেওয়াজ অভিযোগ করেন।