এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু
রাজধানীর কাঁটাবন থেকে গতকাল সোমবার নওমি শিহাব (২৬) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছিলেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কোর্স করছিলেন।
নিউমার্কেট থানার পুলিশ জানায়, নওমির বাবা বিদেশে থাকেন, মা মারা গেছেন৷ কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামের ১৬/জে ফ্ল্যাটে নওমি একাই থাকতেন৷ সেখানে সকালে তাঁকে নিথর অবস্থায় দেখতে পান গৃহকর্মী৷
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) লাল মিয়া জানান, নওমির নাকে, চোখে রক্ত ছিল। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা, না কি স্বাভাবিক মৃত্যু, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করতে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বলেন, নওমিকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকেই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়৷ এ বিষয়ে রাতে অপমৃত্যু মামলা হয়েছে৷