পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়টি চিকিৎসক পদের মধ্যে একজন কর্মরত রয়েছেন। ওই চিকিৎসককে একাধারে চিকিৎসাসেবা দেওয়া ও দাপ্তরিক কাজ করতে হচ্ছে। ফলে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া চিকিৎসকের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা বন্ধ রয়েছে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ৩১ শয্যার হাসপাতাল হিসেবে ১৯৭২ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটির যাত্রা শুরু হয়। বর্তমানে এই হাসপাতালে নয়জন চিকিৎসকের পদে কাগজে-কলমে কর্মরত আছেন চারজন। এর মধ্যে চিকিৎসা কর্মকর্তা নাফিসুর রহমান ২০১২ সালের ৮ জুন থেকে ও আলী রেজা ফারুক গত ২৫ মে এখানে যোগদানের পর থেকেই অনুপস্থিত রয়েছেন। ডেন্টাল সার্জন লিটন ভূষণ হালদার ৭ জুলাই যোগদান করে ৮ জুলাই থেকে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে প্রেষণে কর্মরত আছেন।
এ ছাড়া শৈল্য, গাইনি, মেডিসিন ও অ্যানেসথেশিয়া (অবেদনবিদ) বিভাগের কনিষ্ঠ পরামর্শকের গুরুত্বপূর্ণ পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে একাই চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে তাঁকে দাপ্তরিক কাজ ও সভা-সেমিনারে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়।
গত ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ছিদ্দিকুর রহমান একটি সভায় যোগ দিতে পিরোজপুর গেছেন। তবে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন ওসমান গনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টার দিকে চিকিৎসকের কক্ষের সামনে ৪০ থেকে ৫০ জন রোগীকে দেখা যায়। ওসমান গনি জরুরি বিভাগ ও বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। তাঁকে সহযোগিতা করছেন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দিপন ও বাপ্পী মণ্ডল।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা জানান, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট বিক্রয়কেন্দ্র থেকে জানা যায়, গড়ে প্রতিদিন ১৫০ জন রোগী এখানে চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসক-সংকট ও ভবনের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না।