এক চিকিৎসকের হাসপাতাল
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে চার বছর আগে। কিন্তু আজ পর্যন্তও এখানে ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। শুধু তা-ই নয়, ৩১ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এখানে নয়জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। এতে এ হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দুয়ায় উপজেলার সাড়ে তিন লক্ষাধিক মানুষ বাস করে। এসব মানুষের চিকিৎসাসেবার প্রধান আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক না থাকায় আন্তবিভাগে বেশি রোগী ভর্তি হয় না। হাসপাতাল সূত্র জানায়, উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে সাড়ে ছয় বছর আগে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য তিন কোটি টাকা খরচ করে নতুন তিনতলা ভবন নির্মাণ করা হয়। ২০০৬ সালের ১ আগস্ট নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এ মাসের শুরুর দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন ভূঁইয়া পদোন্নতি পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি এবং আরেক চিকিত্সক আশরাফুল আলম উচ্চতর প্রশিক্ষণের যান। এখন চিকিৎসা কর্মকর্তা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) দায়িত্বও পালন করছেন। নেত্রকোনার সিভিল সার্জন জ্যোতির্ময় আইচ বলেন, ৫০ শয্যা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।