এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ স ম ফিরোজ
আ স ম ফিরোজ

এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা! জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ আ স ম ফিরোজ৷ সরকারিভাবে তাঁর নামে একটি বাংলো ও একটি অফিস বরাদ্দ আছে৷ কিন্তু এর বাইরে সংসদ সদস্য ভবনে তিনি আরও সাতটি বাসা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন৷
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ ভবন এলাকায় চিফ হুইপের নামে বরাদ্দ একটি বাংলো বরাদ্দ আছে৷ তবে তিনি থাকেন বারিধারায় নিজের বাড়িতে৷ সংসদের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ সদস্য ভবনে একটি ফ্ল্যাটও চিফ হুইপের নামে সংরক্ষিত আছে৷ শেরেবাংলা নগরে আগের সংসদ সদস্য ভবনে (এমপি হোস্টেল) এক কক্ষের একটি ও দুই কক্ষের একটি বাসাও চিফ হুইপ ব্যবহার করেন৷
পুরোনো সংসদ সদস্য ভবনের একটি বাসায় চিফ হুইপের স্ত্রীর ছোট ভাই পরিবার নিয়ে থাকেন৷ একটি বাসায় থাকেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ)৷ আরেকটি বাসায় থাকেন তাঁর দপ্তরের গাড়ির চালক৷ নাখালপাড়া ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে থাকেন চিফ হুইপের এক বন্ধু৷
এত বাসা তাঁর নিয়ন্ত্রণে রাখার বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ আ স ম ফিরোজ সহাস্যে প্রথম আলোকে বলেন, ‘পুরো সংসদই তো আমার নিয়ন্ত্রণে৷’ পরে বিস্তারিত শুনে তিনি বলেন, এ রকম কোনো ঘটনাই নেই৷ এমন কিছু যদি শোনেন বা জানেন, সেগুলো পুরো ঠিক না৷
চিফ হুইপ হচ্ছেন জাতীয় সংসদের সংসদ কমিটির সভাপতি৷ তাঁর নেতৃত্বাধীন এ কমিটিই সাংসদদের আবাসন বরাদ্দ দেওয়াসহ তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো দেখভাল করে৷
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ ভবন এলাকায় ১ নম্বর বাংলোটি চিফ হুইপের নামে সরকারিভাবে বরাদ্দ আছে৷ আর সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম ব্লকের ২২১ থেকে ২২৪ নম্বর পর্যন্ত চারটি কক্ষ তাঁর সরকারি দপ্তর৷ এখানে বসেই চিফ হুইপ তাঁর দাপ্তরিক কাজ করেন৷
সরকারি বাংলোতে থাকেন কি না—জানতে চাইলে চিফ হুইফ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তিনি এই বাংলোয় ওঠার প্রস্তুতি নিচ্ছেন৷ এখন রাজধানীর বারিধারায় নিজের বাড়িতে থাকেন৷
মানিক মিয়া অ্যাভিনিউর ৪ নম্বর সংসদ সদস্য ভবনে ১৮০০ বর্গফুট আয়তনের ৮০৪ নম্বর ফ্ল্যাটটিও চিফ হুইপের নিয়ন্ত্রণে আছে৷ গতকাল শনিবার গিয়ে ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখা যায়৷
জানতে চাইলে ওই ভবনের ফ্ল্যাট পরিচালক আবদুর রশীদ হাওলাদার বলেন, ‘এইডা চিফ হুইপ স্যার রাখছেন৷ কিন্তু এইখানে উঠেন নাই৷’ তবে সংসদ সদস্য ভবনের সহকারী সুপারিনটেনডেন্ট নাজিম উদ্দিন দাবি করেন, ওখানে চিফ হুইপের নামে কোনো বাসা বরাদ্দ নেই৷
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, জাতীয় সংসদসংলগ্ন পুরোনো সংসদ সদস্য ভবনে আরও দুটি বাসা চিফ হুইপের দখলে আছে৷ এর একটি হচ্ছে ১ নম্বর ব্লকে দুই কক্ষের ১/৭ নম্বর বাসা৷ আয়তন ৯৮০ বর্গফুট৷ অপরটি দুই নম্বর ব্লকে এ কক্ষের ১৭ নম্বর বাসা৷ এর আয়তন ৪১৫ বর্গফুট৷
ন্যাম ভবন নির্মাণের আগে সাংসদেরা এসব বাসায় থাকতেন৷ বর্তমানে সাংসদেরা বরাদ্দ নিয়ে কার্যালয় হিসেবে ব্যবহার করেন৷
গতকাল সেখানে গিয়ে দেখা যায়, ১/৭ নম্বর বাসার দরজায় কাগজে চিফ হুইপ আ স ম ফিরোজের নাম লেখা৷ সংশ্লিষ্টরা জানান, এখানে বসে তিনি তাঁর নির্বাচনী এলাকার লোকজনদের

সাক্ষাৎ দেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সদস্য ভবনের একজন কর্মচারী জানান, গত মাসে তিনি ১/৭ নম্বর বাসায় উঠেছেন৷ এর আগে ২ নম্বর ব্লকের ১৭ নম্বর বাসা ব্যবহার করেছেন৷ সেটি এখন তালাবদ্ধ আছে৷
এর পাশেই পুরোনো সংসদ সদস্য ভবনের ৩ নম্বর ব্লকের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবেও আ স ম ফিরোজের আরেকটি দপ্তর আছে৷ নবম সংসদে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি এ কক্ষটি পান৷
জানতে চাইলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের ব্যবস্থাপক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, এখানে চিফ হুইপ মাঝেমধ্যে বসেন৷ নতুন (দশম) সংসদ বসার পর দুই-একবার এসেছিলেন৷
জাতীয় সংসদের চিফ হুইপ পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি হন৷ এ রেওয়াজ অনুযায়ী, নবম সংসদের চিফ হুইপ আবদুস শহীদ সভাপতি ছিলেন৷ সাধারণ সম্পাদক ছিলেন আ স ম ফিরোজ৷ ওই কমিটিই এখনো বহাল আছে৷ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই একই দপ্তর ব্যবহার করেন৷
নাখালপাড়ার পুরাতন সংসদ সদস্য ভবনের দুই কক্ষের একটি বাসায় (৮৪-৮৫) চিফ হুইপের শ্যালক মোহাম্মদ খায়রুল পরিবার নিয়ে থাকছেন৷ এই ভবনেরই দুই কক্ষের আরেকটি বাসায় (৬৬-৬৭) থাকেন চিফ হুইপের ব্যক্তিগত সহকারী মো. আনিসুল হক৷ একই ভবনে এক কক্ষের একটি বাসায় (১১ নম্বর) থাকেন চিফ হুইপের কার্যালয়ের গাড়ির চালক মো. ইউনূছ৷ ন্যাম ভবন নির্মাণের আগে এসব বাসায় সাংসদেরা থাকতেন৷
যোগাযোগ করা হলে সংসদ সদস্য ভবনের প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দেব প্রথম আলোকে বলেন, ‘চিফ হুইপের শ্যালক বা বন্ধু এসব বাসায় থাকেন, এটা প্রথম শুনলাম।’ তিনি দাবি করেন, স্পিকার ও চিফ হুইপের অফিসের স্টাফদের জন্য পাঁচটি কক্ষ বরাদ্দ আছে। তিনি জানান, এই বাসাগুলো এখন সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়৷
গত বৃহস্পতিবার দুপুরে নাখালপাড়ার পুরাতন সংসদ সদস্য ভবনে গেলে প্রতিবেশীরা জানান, ৮৪ ও ৮৫ নম্বর বাসায় চিফ হুইপের শ্যালক পরিবার নিয়ে থাকেন৷ বাসিন্দারা তখন বাসায় ছিলেন না৷ পরে ফোনে জানতে চাইলে কেয়ারটেকার রবিউল হোসেনও চিফ হুইপের শ্যালকের ওই বাসায় থাকার কথা স্বীকার করেন৷
তবে ৬৬-৬৭ নম্বর বাসায় গিয়ে চিফ হুইপের ব্যক্তিগত সহকারী আনিসুল হককে পাওয়া যায়৷ তিনি জানান, বাসাটি তাঁর নামে বরাদ্দ নেওয়া হয়েছে৷
নাখালপাড়ার ১ নম্বর সংসদ সদস্য ভবনের ২০১ নম্বর ফ্ল্যাটে (সাড়ে ১২ শ বর্গফুটের) থাকেন চিফ হুইপের বন্ধু মৃণাল কান্তি ঘোষ৷ তিনি অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা বলে জানা গেছে৷ গত বৃহস্পতিবার ওই বাসায় গেলে মৃণাল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘চিফ হুইপ আমার বন্ধু৷ এক মাস ধরে আমি এখানে আছি৷’
চিফ হুইপ হিসেবে একাধিক বাসা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বক্তব্য জানতে চাইলে আ স ম ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘এগুলো কী নিউজ করার মতো বিষয়? আমরা রাজনীতিকেরা কিছুটা হলেও স্বচ্ছ থাকার চেষ্টা করি৷ এসব ছোটখাটো বিষয়ে লিখলে মানুষ খারাপভাবে নেয়৷ আমাদের চরিত্র হনন করলে আর থাকে কী? আসলে আমরা এতটা ছোট না৷’