এক চিলতে সাঁকোয় পারাপার
এপারে পারমল্লিকপুর গ্রাম! ওপারে চরমল্লিকপুর। মাঝে নবগঙ্গা নদী। নদীটি এ জায়গায় শুকিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। নদীটি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে। একটি সেতুর অভাবে ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষকে এক চিলতে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নবগঙ্গা নদীর এক পাড়ে রয়েছে মল্লিকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়, ইউনিয়ন ভূমি কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। অপর পাড়ে এ ইউনিয়নের প্রায় পাঁচ হাজার জনসংখ্য অধ্যুষিত পারমল্লিকপুর গ্রাম; আছে লোহাগড়া পৌর এলাকার খলিশাখালী ও রাজুপুর গ্রাম, ঈদগাঁ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা সদর।
মল্লিকপুর ইউপির চেয়ারম্যান সাহিদুর রহমান বলেন, ভূমি কার্যালয়, ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্যসেবা নিতে প্রতিদিন কয়েক শ মানুষকে যেমন নদী পার হতে হয়। অন্য পাড়ের মানুষকে উপজেলা সদরে যাতায়াতসহ সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রতিনিয়ত সাঁকো পার হতে হয়। সাঁকো দিয়ে পার হতে হয় শিশু শিক্ষার্থীদেরও। এ সাঁকো দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ বাধ্য হয়ে পার হচ্ছে। তিনি জানান, মাত্র ৭০ ফুট সেতুর অভাবে এ দুর্ভোগ এলাকার মানুষের। এলাকাবাসীর কয়েকজন জানান, এ সেতুর দাবিতে আন্দোলন, সংগ্রাম হয়েছে। জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয় না। সেতুর অভাবে বেশি বিপাকে পড়েন প্রসূতি নারী ও শিশু শিক্ষার্থীরা। মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহামঞ্চদ মোল্লা বলেন, নদীর অপর পাড়ে রয়েছে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শতাধিক ছাত্রছাত্রী। এরা প্রায়ই সাঁকো থেকে নিচে পড়ে আহত হয়। তাই ওই পাড়ের শিক্ষার্থীদের উপস্থিতি কম।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লোহাগড়ার উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, নদীর দুই পাশেই পাকা সড়ক আছে। ওই স্থানে একটি সেতু হলেই চলে। এর অভাবে সাত-আট কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়।