এক চেকে ২৫ লাখ টাকা উকিল ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এক চেকের মাধ্যমে একজন আইনজীবীকে ২৫ লাখ টাকা ফি দেওয়া হয়েছে। কোনো রকম দাপ্তরিক আনুষ্ঠানিকতা ছাড়াই এই টাকা দেওয়ায় বিষয়টি গতকাল থেকে দুর্নীতি দমন কমিশনের একজন উপপরিচালক তদন্ত করছেন।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন বোর্ডের ১১ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাকে চলতি দায়িত্বে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। বোর্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ ও নুরুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করেন। শেষ পর্যন্ত এই রিট খারিজ হয়ে যায়।

মামলায় শিক্ষা বোর্ডের আইনজীবী ছিলেন মাসুদ হাসান চৌধুরী। তাঁকে মামলার খরচ হিসেবে ২৫ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু শিক্ষা বোর্ডের আইনবিষয়ক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানতে পারেননি। গত বছর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুর রউফ আইনজীবীকে এই বিল পরিশোধ করেন।

এদিকে যে দুই কর্মকর্তা মামলা করেছিলেন, তাঁদের মধ্যে আবুল কালাম আজাদকে এবার চলতি দায়িত্বে উপপরীক্ষা নিয়ন্ত্রক এবং নুরুজ্জামানকে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। বোর্ডের ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, মামলা করে ওই দুই কর্মকর্তা বোর্ডের আর্থিক ক্ষতিসাধন করেছেন। তাঁদের শাস্তির ব্যবস্থা না করে পুরস্কৃত করা হলো। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।

বোর্ডের বিরুদ্ধে রিট আবেদন করা কর্মকর্তা নুরুজ্জামান বলেন, তাঁর আইনজীবী বলেছেন, তিনি মামলায় হারেননি। বোর্ডও হারেনি।

এ বিষয়ে দুদকে অভিযোগ করা হলে কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মেজবাহ্‌ উদ্দিনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গতকাল থেকে তিনি তদন্তকাজ শুরু করেছেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তিনি কাজ শুরু করেছেন। শেষ হতে কয়েক দিন লাগতে পারে। আর তদন্তাধীন বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

বোর্ডের সচিব আবুল কালাম আজাদ বলেন, তদন্ত হচ্ছে। অতীতে বোর্ডকে অনেকেই অপবিত্র করেছে। তিনি বলেন, তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক, প্রতিষ্ঠানটি পবিত্র হোক।