এক ছাত্রকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রীকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাজেউল হক মণ্ডলকে পুলিশে সোপর্দ করেছে। গত মঙ্গলবার পুলিশ এ ছাত্রকে গ্রেপ্তার করেছে। সাজেউলকে গতকাল কারাগারে পাঠানো হয়। মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, একই বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ওই ছাত্রের বিরুদ্ধে তাকে মারধরের লিখিত অভিযোগ আনলে তাকে প্রক্টরের কাছে পাঠানো হয়। তবে তারা এ অভিযোগের কোনো তদন্ত করেননি বলে জানান। লাঞ্ছিত শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ দিন ধরে ওই ছেলেটি তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল। মোবাইল ফোনে তিনি জ্বালাতনও করেন। এ অবস্থায় গত শনিবার সন্ধ্যায় তিনি চাচাতো ভাইয়ের সঙ্গে নীলক্ষেত থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় উপাচার্যের বাসভবনের কাছে এলে ওই ছেলেটি তাঁর বন্ধু-বান্ধবসহ তাঁদের ওপর চড়াও হন। ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলেটি তাঁকেও মারধর করেন।একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ওই ছেলেটি এর আগেও বিভাগের অনেক ছাত্রীকে উত্ত্যক্ত করেছেন। প্রক্টর কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিভাগের চেয়ারম্যান ছেলেটির শাস্তির জন্য সুপারিশ করেছেন। মেয়েটিও থানায় সাধারণ ডায়েরি করেছে। এ কারণে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়েছে বলে তিনি জানান।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আদালতের মাধ্যমে ছেলেটিকে কারাগারে পাঠানো হয়েছে।