হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র মো. হাসানুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। নারী শিক্ষার্থীকে মারধরসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে ব্যবসায় শিক্ষা অনুষদের তিন ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় ওই সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শবিষয়ক পরিচালক শাহাদাৎ হোসেন খান জানান, শৃঙ্খলা কমিটির সভায় মো. হাসানুজ্জামানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে ব্যবসায় শিক্ষা অনুষদের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র সামির হোসেন, আশেক এলাহী ও আশরাফুল আলমকে ‘শৃঙ্খলাবিরোধী কাজের জন্য কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না’ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।
শৃঙ্খলা কমিটির সভা সূত্র জানায়, বহিষ্কার হওয়া শিক্ষার্থী হাসানুজ্জামান দীর্ঘদিন ধরে তাঁর এক সহপাঠী ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই ছাত্রী বিষয়টি তাঁর অন্য সহপাঠী ছাড়াও শিক্ষক, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে হাসানুজ্জামানের হাত থেকে রক্ষা পেতে তিনি এক বছর পরীক্ষায় অংশ নেননি। এদিকে হাসানুজ্জামান পরীক্ষায় অকৃতকার্য হয়ে আবার তাঁর সহপাঠী হয়ে যান। সর্বশেষ ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে হাসানুজ্জামান উপস্থিত শিক্ষার্থীদের সামনে সহপাঠী ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ওই ছাত্রীকে রক্ষা করতে এসে একজন ছাত্র গুরুতর আহত হন। পরে দুজনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্যাতনের শিকার ওই দুই শিক্ষার্থী ছাড়াও ওই দিন ক্লাসে উপস্থিত মাৎস্যবিজ্ঞান অনুষদের ৪৪ জন শিক্ষার্থী ঘটনার জন্য হাসানুজ্জামানকে দায়ী করেন। তাঁরা হাসানুজ্জামানের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি শৃঙ্খলাবিরোধী কাজের অপরাধে হাসানুজ্জামানকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিনের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী হাসানুজ্জামানকে পাঁচ সেমিস্টারের (দুই বছর ছয় মাস) জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং তিন ছাত্রকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রেজিস্ট্রার বলরাম রায়, প্রক্টর এ টি এম সফিকুল ইসলাম, ছাত্র পরামর্শবিষয়ক পরিচালক মো. শাহাদাৎ হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।