এক ছাত্রকে মারধর করার ঘটনায় তিন পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শহীদ মিনারের কাছে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সমাবেশে এক বহিরাগত ছাত্রকে মারধরের ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার এই সিদ্ধান্ত নেন। সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ও কনস্টেবল জাফর। তবে সাময়িক বরখাস্ত হওয়া অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। আলোকচিত্র দেখে তাঁকে চিহ্নিত করার চেষ্টা চলছে। উপপুলিশ কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ আছে। কিন্তু মারধর করা বা লাথি মারা উচিত নয়। কিন্তু মঙ্গলবার শহীদ মিনারের কাছে এক বহিরাগত ছাত্রকে গ্রেপ্তারের আগে আমাদের তিন সদস্য টানাহেঁচড়া করেন এবং লাথি মারেন, যা অন্যায়। তাই পুলিশ কমিশনারের নির্দেশে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শাস্তি পাওয়া এক পুলিশ সদস্যকে আমরা এখনো চিহ্নিত করতে পারিনি।’ প্রসঙ্গত, গত মঙ্গলবার মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে শহীদ মিনারের কাছে জড়ো হন। পুলিশ সেখান থেকে বহিরাগতসহ আটজনকে গ্রেপ্তার করে। এ সময় একজন বহিরাগত ছাত্রকে লাথি মেরে এবং টানাহেঁচড়া করে গ্রেপ্তার করা হয়।