জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরে ওই ছাত্রকে মারধরের পর একটি বাসের লোকেরা প্রায় চার ঘণ্টা আটকে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র মাজহারুল ইসলাম নবীনগরসংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকায় যাওয়ার জন্য বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন ডেইরি গেট থেকে সুপার পরিবহনের একটি বাসে ওঠেন। গন্তব্যে পৌঁছালে মাজহার বাসটি থামানোর অনুরোধ করেন। চালক বাসটি না থামালে মাজহারের সঙ্গে বাসের সহকারী ও কন্ডাক্টরের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তারা মাজহারকে মারধর করে। এর পর তারা মাজহারকে নন্দন এলাকায় ওই পরিবহনের মূল কাউন্টারে নিয়ে আটকে রাখে। রাতে মাজহার মুঠোফোনে ঘটনাটি তাঁর বন্ধুদের জানালে তাঁরা ক্ষুব্ধ হয়ে ডেইরি গেটে গিয়ে ওই পরিবহনের ছয়টি বাস আটক করেন। রাত সাড়ে নয়টার দিকে মাজহারকে ছেড়ে দেওয়া হয়। আহত মাজহারকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।