এক ছাত্রকে সাময়িক বহিষ্কার, ছাত্রলীগের দুজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাসের চালক ও তাঁর সহকারীকে মারধরের ঘটনায় এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বাসচালক মো. মিলন ও তাঁর সহকারী মো. রনি গত রোববার মারধরের শিকার হন। এ পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি সভায় বসে।
সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা জানান, সভায় মারধরের অভিযোগে হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র কামরুজ্জামান তরঙ্গকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। পাশাপাশি কেন তাঁকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপরিবেশবিষয়ক সম্পাদক ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র যোবায়ের হোসেন এবং ছাত্রলীগের কর্মী ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌফিকুর রহমানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ ছাড়া সভায় আরেক সন্দেহভাজন বহিরাগত মোহাইমিনুল ইসলামের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সভার সিদ্ধান্ত মোতাবেক, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক কাজী আখতার হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল হক, পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।
প্রক্টর মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কারও বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।
মারধরের ঘটনার প্রতিবাদে গত সোমবার বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ায় যাতায়াতকারী ভাড়াকৃত সব বাসের চলাচল বন্ধ করে দেন কুষ্টিয়ার পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের শাস্তির আশ্বাস দিলে তাঁরা গতকাল থেকে কর্মসূচি প্রত্যাহার করেন।