এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার, অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ
হানিফ পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চাঁদাবাজির অভিযোগে গত রোববার বিকেলে আটক ১৩ ছাত্রলীগ নেতা–কর্মীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপসম্পাদক আবদুর রহিমকে রোববার রাতে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়৷ সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ সাভার মডেল থানায় এসে আটক ১৩ নেতা–কর্মীকে নিজেদের জিম্মায় মুক্ত করে নেন৷ চাঁদাবাজির অভিযোগে ওই ১৩ জনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলেও জানায় পুলিশ৷
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আজিম বলেন, হানিফ পরিবহন কর্তৃপক্ষ ‘ভুল-বোঝাবুঝি হয়েছে’ বলে জানিয়ে লিখিত দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে রোববার বিকেলে হানিফ পরিবহনের দুটি বাস আটকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।