এক ছাত্রীর দাপটে অতিষ্ঠ ৫৯ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাদাম কুরী হলের এক ছাত্রীর দাপটে অতিষ্ঠ হয়ে ওই হলের ছাত্রীরা হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাদাম কুরী হলে বর্তমানে ৭১ জন ছাত্রী বসবাস করছেন। এর মধ্যে ৫৯ জন ওই ছাত্রীর অত্যাচারের হাত থেকে রেহাই পেতে গত বৃহস্পতিবার হল প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন। নাম প্রকাশ না করার শর্তে হলের একাধিক ছাত্রী অভিযোগ করেন, ওই ছাত্রী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতার প্রেমিকা। ওই ছাত্রনেতা প্রায়ই ক্যাম্পাসে এসে তাঁকে নিয়ে ঘোরাঘুরি করেন। ওই নেতার দাপট দেখিয়েই তিনি ছাত্রীদের নানাভাবে নির্যাতন করে আসছেন। অতিষ্ঠ হয়ে ছাত্রীরা হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।অভিযোগ অস্বীকার করে ওই ছাত্রী বলেন, ‘কয়েক দিন পরই পাস করে বের হব। তাই কারও সঙ্গে বিবাদ বাধানোর প্রশ্নই ওঠে না।’ ছাত্রলীগের সাবেক ওই কেন্দ্রীয় নেতার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তার সঙ্গে আমার বাগদান হয়েছে।’ তবে তাঁর দাপট দেখিয়ে তিনি কোনো অন্যায় করেননি বলে দাবি করেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ বলেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।