ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক ছাত্রীর ভাইকে মারধর করার অভিযোগে চার ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রদের ১৫ জুনের মধ্যে এ ঘটনার যথাযথ কারণ লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের পশুপালন সম্পদের এক ছাত্রীকে বিরক্ত করে আসছিলেন ওই অনুষদের এক ছাত্র। এ ব্যাপারে ছাত্রী তাঁর ভাইকে বিষয়টি জানান। এ ঘটনায় গত ২৬ মে ওই ছাত্র তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে ছাত্রীর ভাইকে মারধর করেন। পরে ছাত্রী তাঁর ভাইকে নিয়ে ওই দিনই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে এসে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মারুফ আহমেদ, নূর মোহাম্মদ আলী, আনোয়ার পারভেজ ও শফিউল আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী শাহানারা আহমেদ বলেন, ‘আমরা অভিযুক্ত ছাত্রদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাঁরা অভিযুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’