সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যুগীপাড়ার একটি মেস থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র আল ইমরান সৈকত বিশ্ববিদ্যালয়ের পাশের যুগীপাড়ার ৬৯ সালেহা মঞ্জিলের তৃতীয় তলায় একটি মেসে থাকতেন। গতকাল বিকেলে মেসের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তাঁর সহপাঠীরা বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে ভেতরে ঢোকেন। তাঁরা কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনসহ শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান।ওই মেসের কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সৈকত দেড় মাস আগে তাঁদের মেসে ওঠেন। তাঁর সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক। মুঠোফোনে মেয়েটির সঙ্গে সৈকতের প্রায়ই ঝগড়া হতো। সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সৈকতের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার প্রফেসর পাড়ায়। তাঁর বাবার নাম আবদুস ছাত্তার।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম জানিয়েছেন, রাতে ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।