এক ছেলে, ‘তিন মা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ৩০ আগস্ট ঝিনাইদহের মহেশপুরের সীমা ক্লিনিকে একটি ছেলেসন্তানের জন্ম দেন উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রোজিনা খাতুন। আর্থিক অসচ্ছলতার কারণে এবং ঘরে আরও দুটি ছেলে থাকায় তিনি নবজাতককে মাজেদা খাতুন নামের নিঃসন্তান এক নারীর কাছে ওই দিনই শিশুটি দত্তক দিয়ে দেন।একই দিন কালীগঞ্জ উপজেলার ডক্টরস ক্লিনিকে জন্ম নেওয়া ক্ষমা বিশ্বাস নামের এক নারীর ছেলেসন্তানটি চুরি হয়ে যায়। নবজাতক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিন রাতেই সীমা ক্লিনিকের মালিক আসাদুল ইসলাম ও মাজেদা খাতুনকে গ্রেপ্তার করে। পাশাপাশি পুলিশ মাজেদার কাছে দত্তক হিসেবে থাকা রোজিনার ছেলেটিকে ক্ষমা বিশ্বাসের কোলে তুলে দেয়। হারানোর পর ফিরে পাওয়ায় ক্ষমা বিশ্বাস শিশুটির নাম দেন হারাধন।এদিকে সন্তান ফিরে পেতে রোজিনা খাতুন আদালতে ডিএনএ পরীক্ষার জন্য আবেদন জানান। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হয়। গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজের ডিএনএ বিভাগ থেকে ওই পরীক্ষার প্রতিবেদন দেওয়ার পর গ্রেপ্তার হওয়া মাজেদা খাতুন ও আসাদুল ইসলাম জামিন পান। ওই পরীক্ষায় সন্তানটি রোজিনা খাতুনের বলে প্রমাণিত হয়। গত রোববার ঝিনাইদহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত-১-এর বিচারক পারভেজ শাহরিয়ার শিশুটিকে রোজিনা খাতুনের কোলে তোলে দেওয়ার নির্দেশ দেন। সন্তান ফিরে পাওয়ার পর রোজিনা খাতুন জানান, আইনি জিহাদ করে ছেলেকে ফিরে পাওয়ায় তিনি তাঁর নাম দিয়েছেন জিহাদ। শিশুটিকে নিজেই বড় করে তুলবেন।