
পাবনা মানসিক হাসপাতাল ক্যাম্পাসের বিরোধপূর্ণ ১৫ শতক জমির মালিকানা নিয়ে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমেরই দুই পক্ষের মধ্যে রশি টানাটানি চলছে। ‘অনুকূল চন্দ্র সৎসঙ্গ’ ভূমি মন্ত্রণালয়ের এক আদেশে জমিটি দখলে নিতে চাইছে। আর ‘সৎসঙ্গ বাংলাদেশ’ আদালতে চলমান মামলার রায় পর্যন্ত অপেক্ষা করতে চায়।
এদিকে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন জমি দখলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। দখলদারদের উচ্ছেদের দাবিতে তাঁরা গতকাল বৃহস্পতিবার পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সদর উপজেলার হিমাইতপুরে অবস্থিত মানসিক হাসপাতাল ছেড়ে সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরে চলে আসেন। তাঁরা হাতে হাত রেখে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করেন। একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে স্থানীয় লোকজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে পাবনা মানসিক হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে দখলদার উচ্ছেদের দাবি সংবলিত বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ্বাস, চিকিৎসক দিলারা আক্তার, চিকিৎসক মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ সেবক রফিকুল ইসলাম, আব্দুল কাদের প্রমুখ। তন্ময় বলেন, ‘কোনো ধরনের আইনি বৈধতা ও পূর্বঘোষণা ছাড়াই পাশের ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের কর্মীরা রাতের আঁধারে হাসপাতালের সীমানাপ্রাচীর ভেঙে ১৫ শতক জমির দখল নিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জমিটি দখলমুক্ত করার দাবি করছি।’
গতকাল সরেজমিনে দেখা যায়, হাসপাতাল ক্যাম্পাসের ঠিক পেছনে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রম। আশ্রমের প্রধান ফটকের বিপরীতে হাসপাতালের সীমানা দেয়ালটি ভাঙা হয়েছে। সেখানে লাগানো হয়েছে লোহার ফটক। ভেতরে বাঁশের সঙ্গে টিন লাগিয়ে বিশাল এলাকা ঘিরে তৈরি করা হয়েছে পূজামঞ্চ। পাশে স্থাপিত একটি নামফলকে ঠাকুরের পুণ্য জন্মভূমির উদ্বোধক হিসেবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও তাঁর স্ত্রীর নাম রয়েছে। উদ্ধারে সহযোগিতা করায় জেলা প্রশাসক রেখা রানী বালোসহ পাঁচজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
জেলা প্রশাসক রেখা রানী বলেন, ‘জমিটি মানসিক হাসপাতালের নয়। খাস খতিয়ানভুক্ত জমিটির মালিক সরকার। ভূমি মন্ত্রণালয় আশ্রমকে বন্দোবস্ত দেওয়ায় আমাদের কিছু করার নেই।’ সৎসঙ্গ বাংলাদেশের মামলার বিষয়ে তিনি বলেন, মামলাটি দুই পক্ষের অধিকার আদায় নিয়ে। এর সঙ্গে জমির কোনো সম্পর্ক নেই।
সৎসঙ্গ বাংলাদেশের সেক্রেটারি ধৃতব্রত আদিত্য বলেন, বর্তমানে ঠাকুর অনুকূল চন্দ্রের নাতি অশোক রঞ্জন চক্রবর্তী আধ্যাত্মিক আচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত। তিনি ভারতে থাকেন। তাঁর পক্ষে সৎসঙ্গ বাংলাদেশ সব কর্মকাণ্ড পরিচালনা করে। জমিটি উদ্ধারের জন্যই সংগঠনটি মামলা করেছে। সেটি নিষ্পত্তির আগ পর্যন্ত আদালতের স্থিতাবস্থা জারি আছে। এ অবস্থায় কেউ জমিটির দখল নিতে পারে না।
অনুকূল চন্দ্র সৎসঙ্গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগলকিশোর ঘোষ বলেন, হিমাইতপুর আশ্রম ঠাকুরের অনুসারীদের আসল ঠিকানা। মানসিক হাসপাতালও ঠাকুরের জমিতে তৈরি। ঠাকুরের পুণ্য জন্মস্থান বিধায় তাঁরা বর্তমান বাজারদরের ১০ শতাংশ মূল্য পরিশোধ সাপেক্ষে জমিটির স্থায়ী বন্দোবস্ত পেয়েছেন। ফলে তাঁরা কোনো জমি বেআইনিভাবে দখল করছেন না।
অনুকূল চন্দ্র সৎসঙ্গের কর্মীরা গত রোববার রাতে হাসপাতাল ক্যাম্পাসের ওই ১৫ শতক জমি দখলে নেন। এ নিয়ে স্থানীয় লোকজন ও হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়।