এক জাহাজের তেজস্ক্রিয়তা বিষয়ক প্রতিবেদন দাখিলের নির্দেশ
ভাঙার জন্য আনা একটি জাহাজের তেজস্ক্রিয়তা বিষয়ে প্রতিবেদন আগামী ১০ সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কাস্টমসের মেগা পোর্ট ইনিশিয়েটিভকে এই নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে আদালত আমদানিকারকসহ মামলার ১৮ জন বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে এমটি প্রডিওসার নামের জাহাজের অনুকূলে দেওয়া ছাড়পত্র কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন মিথ্যা ঘোষণা দেওয়ার কারণে বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল ও নির্দেশনা দেন। এমটি প্রডিওসারকে আমদানি, সৈকতায়ন এবং ভাঙার অনুমতি দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা জনস্বার্থমূলক মামলার শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ফিদা এম কামাল এবং তাঁকে সহায়তা করেন বেলার আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর।