এক জায়গায় ইজারা, অন্য জায়গায় হাট
ভাষানটেক এলাকার বেনারসিপল্লির মাঠ ও সংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। হাটের ইজারাদার নির্ধারিত জায়গার পরিবর্তে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের খালি জায়গার হাটের অবকাঠামো নির্মাণ শুরু করে দিয়েছেন। এলাকাবাসী বলছেন, পুনর্বাসন প্রকল্পের জায়গায় হাট বসালে কয়েক হাজার বাসিন্দার ভোগান্তি হবে।
ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, ১ কোটি ৬০ লাখ টাকায় ভাষানটেক এলাকার হাটটির ইজারা পেয়েছে মেসার্স আয়শা ট্রেড সিস্টেম। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কে এম মনোয়ারুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক।
ইজারাদার বেনারসিপল্লির মাঠে হাট না বসিয়ে প্রায় আধা কিলোমিটার সামনে ভূমি মন্ত্রণালয়ের ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের খালি জায়গায় হাটের অবকাঠামো নির্মাণ শুরু করেছেন। ইতিমধ্যে পুনর্বাসন প্রকল্পের প্রবেশমুখে হাটের সুবিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। পুনর্বাসন প্রকল্পটি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) মিরপুর কার্যালয়ের পাশে অবস্থিত।
গতকাল শুক্রবার দেখা যায়, শ্রমিকেরা ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের খালি জায়গায় উঁচু-নিচু মাটি সমান করার কাজ করছেন। জমে থাকা পানিতে বালি ফেলছেন। পশু বাঁধার জন্য কিছু দূর পরপর বাঁশ মাটিতে পুঁতছেন। অস্থায়ী হাটের অবকাঠামো দাঁড়িয়ে গেছে।
এলাকার বাসিন্দাদের অনেকেই দাঁড়িয়ে শ্রমিকদের কাজ দেখছিলেন। তাঁদের কয়েকজন নাম না প্রকাশের শর্তে বলেন, পুনর্বাসন প্রকল্পের পুরো জায়গায় সীমানা দেয়াল দেওয়া নেই। এই সুযোগে প্রকল্পের খালি জায়গায় হাট বসানো হচ্ছে। প্রকল্পের ভবনগুলোতে প্রায় সাত-আট হাজার লোকের বাস। হাট বসলে এলাকার বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হবে।
ইজারাদার মনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুনর্বাসন প্রকল্পের ভবনগুলো থেকে অনেক দূরে পরিত্যক্ত খালি জায়গায় হাট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিটি করপোরেশন বেনারসিপল্লির যে জায়গার কথা বলেছে সেটি খুবই ছোট। দরপত্রের শিডিউলে বলা ছিল, বেনারসি পল্লি ও আশপাশের খালি জায়গা। তাই এই খালি জায়গায় হাট বসানো হচ্ছে। জনদুর্ভোগ সৃষ্টি করে হাট বসানো হবে না।
বেনারসিপল্লির যে জায়গায় ডিএনসিসি হাট বসানোর অনুমতি দিয়েছে সেটি বাংলাদেশ তাঁত বোর্ডের জায়গা। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, জায়গাটিতে ঢোকার প্রধান ফটকে তালা দেওয়া। বেশ খানিকটা ঘুরপথে বেনারসিপল্লির জায়গায় প্রবেশ করতে হয়। সেখানে পানি জমে ডোবার মতো হয়ে আছে। হাঁস চরে বেড়াচ্ছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, তাঁত বোর্ড বেনারসিপল্লির খালি জায়গাটিতে হাট বসানোর বিষয়ে আপত্তি জানিয়েছে। এদিকে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প কর্তৃপক্ষও তাদের প্রকল্প এলাকায় হাট না বসাতে ডিএনসিসিকে চিঠি দিয়েছে। ফলে ভাষানটেক এলাকার হাটটি কোথায় বসানো হবে, তা নিয়ে ডিএনসিসি সিদ্ধান্তহীনতায় আছে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জনস্বার্থের কথা বিবেচনা করে ভাষানটেক এলাকায় হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। তাঁত বোর্ড বেনারসিপল্লির জায়গায় হাট বসাতে দিতে চাচ্ছে না। গত বৃহস্পতিবার জানতে পারি, ইজারাদার অন্য জায়গায় হাট বসাচ্ছে। এই হাটের বিষয়ে আগামী রবি বা সোমবারের মধ্যে সিদ্ধান্ত হবে। তবে যে সিদ্ধান্তই হোক জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।’