নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিকল হওয়া একটি জেনারেটর মেরামত করে গতকাল মঙ্গলবার দুপুরে স্থাপন করা হয়। এর মধ্যেই আরেকটি জেনারেটর বিকল হয়ে গেছে। এতে দ্বীপ উপজেলাটিতে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুতের গ্রাহকেরা।
বিউবোর হাতিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, হাতিয়ায় গত বছরের ফেব্রুয়ারি মাসে সরকারিভাবে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে দুটি জেনারেটর সরবরাহ করা হয়। এ দুটি দিয়ে সর্বোচ্চ ৪০০ কিলোওয়াট করে ৮০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল। কিন্তু জেনারেটর দুটি দিয়ে ৬২০ কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না। ঠিকাদারি প্রতিষ্ঠান জেনারেটর দুটি স্থাপন করে যাওয়ার পর নানা ত্রুটি দেখা দেয়। পরে কার্যালয়ের প্রকৌশলীরা ত্রুটি সারিয়ে তা চালু করেন। এরপর থেকে এই দুই জেনারেটরে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে হাতিয়া পৌর এলাকার প্রায় দেড় হাজার গ্রাহককে সেবা দেওয়া হচ্ছিল। কিন্তু ১১ মে একটি জেনারেটর বিকল হয়ে যাওয়ায় সংকট শুরু হয়। জেনারেটরটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। মেরামত শেষ করে গতকাল দুপুরে সেটি উৎপাদন কেন্দ্রে বসানো হয়। কিন্তু একই সময়ে সচল আরেকটি জেনারেটরে ত্রুটি দেখা দেয়। সেটির কিছু যন্ত্রাংশ খুলে ঢাকায় পাঠানো হয়েছে। ফলে সেগুলো প্রতিস্থাপন না করা পর্যন্ত সংকটের শেষ হচ্ছে না।
হাতিয়া উপজেলা সদর ওছখালির বাসিন্দা কবির হোসেন বলেন, হাতিয়াবাসীর কাছে বিদ্যুৎ এমনিতে স্বপ্নের মতো। নতুন করে বসানো জেনারেটর বারবার নষ্ট হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
এদিকে নতুন করে অচল হয়ে পড়া জেনারেটরটি চালু হতে আরও চার-পাঁচ দিন লাগতে পারে বলে জানিয়েছেন বিউবোর এক কর্মকর্তা। বর্তমানে কেবল উপজেলা পরিষদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা হয়েছে। গত ছয় দিন ধরে এ অবস্থা চলছে। উপজেলা পরিষদ এলাকার গ্রাহকেরা ছাড়া কেউই বিদ্যুৎ পাচ্ছেন না। এতে গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিউবোর নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিকল হওয়া জেনারেটরটি মেরামত করা হলে সংকটের আপাতত অবসান হবে। তবে হাতিয়ার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে জরুরি ভিত্তিতে ১২৫০ কিলোওয়াট ক্ষমতার একটি জেনারেটর স্থাপন করা দরকার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।