
বাংলাদেশি নাগরিক ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের পাচারে জড়িত চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটি মামলায় থাইল্যান্ডের আদালত গতকাল বুধবার রায় ঘোষণা করেছেন। রায়ে দেশটির সেনাবাহিনীর এক জেনারেলসহ অর্ধশতাধিক আসামিকে দোষী সাব্যস্ত করেছেন রাজধানী ব্যাংককের ওই আদালত।
বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাচারের এ ভয়াবহ ও লাভজনক ব্যবসায় থাইল্যান্ডের সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার বিষয়টি রায়ে উঠে এসেছে। এ মামলার রায়ের প্রতি থাইল্যান্ডের ভেতর ও বাইরে মানুষের বিশেষ আগ্রহ ছিল। বিচার শুরুর পর এ-সংক্রান্ত মামলা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন, কিছু সাক্ষীকে শারীরিকভাবে নির্যাতন ও বিচার চলাকালে আদালতকক্ষে গণমাধ্যমকর্মীদের প্রবেশ বা তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি প্রাথমিকভাবে যে পুলিশ কর্মকর্তা এ মামলার তদন্তে নেতৃত্ব দেওয়া শুরু করেছিলেন, সেই মেজর জেনারেল পউইন পংসিরিন জীবননাশের হুমকির মুখে দেশ ছেড়ে পালিয়ে যান।
ব্যাংককের ফৌজদারি আদালতের রায়ে অভিযুক্ত শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপান। তাঁকে মানব পাচার-সংক্রান্ত একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
জান্তাশাসিত থাইল্যান্ডে কোনো শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে এভাবে আদালতে দোষী সাব্যস্ত করা একেবারেই বিরল ঘটনা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে মানব পাচারের গুরুত্বপূর্ণ ট্রানজিট এলাকা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা দেখভালের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অন্যতম ছিলেন লে. জেনারেল মানাস। বিচার চলাকালে শুনানিতে বলা হয়, মানব পাচার চক্রের এজেন্টদের কাছ থেকে তিনি ৪ লাখ ৪০ হাজার ডলার গ্রহণ করেছেন।
রায়ে অভিযুক্ত আরেক সুপরিচিত ব্যক্তি হলেন পাজ্জুবন অংকাচোটফান। রায় চলাকালে গতকাল সন্ধ্যা পর্যন্ত যে অর্ধশতাধিক আসামিকে অভিযুক্ত করা হয়, তাঁদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। অভিবাসীদের আটক শিবির পাহারা দেওয়া থেকে শুরু করে পাচার ও দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জনকে খালাস দিয়েছেন আদালত।
২০১৫ সালের ১ মে থাইল্যান্ডের সংখলা প্রদেশের গহিন অরণ্যে শরণার্থীদের বেশ কিছু নির্যাতন শিবির ও ৩৬ শরণার্থীর গণকবর আবিষ্কারের পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়। প্রায় একই সময় পার্শ্ববর্তী মালয়েশিয়াতেও অভিবাসীদের গণকবর আবিষ্কৃত হয়।
গণকবর আবিষ্কারের পর বিশ্বজুড়ে থাই সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, এই পাচারের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ দেশটির শীর্ষস্থানীয় অনেক সরকারি কর্মকর্তাও জড়িত। মামলায় মোট ১০২ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে ২১ জনই থাই সরকারি কর্মকর্তা। মামলায় সন্দেহভাজন ১৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও থাইল্যান্ড সরকার মাত্র ১০৩ জনকে গ্রেপ্তার করেছে।
তীব্র সমালোচনার মুখে থাইল্যান্ডের সরকার পাচারকারী চক্রের বিরুদ্ধে ২০১৫ সালে অভিযান শুরু করে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রসীমায় দেখা দেয় আরেক সংকট। ভয়ে পাচারকারী ও তাঁদের সহযোগী দালালেরা গভীর সমুদ্রে লক্করঝক্কড় নৌকায় বহু অভিবাসনপ্রত্যাশীকে ফেলে রেখে পালিয়ে যান। খাবার না পেয়ে, অসুস্থ হয়ে ও পাচারকারীদের নির্যাতনে ভাসমান এসব মানুষের অনেকেই মারা যান। তাঁদের সংখ্যা কয়েক হাজার বলে ধারণা করা হয়।