এক জেলে নিহত, চার নৌকার মাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে গত বুধবার জলদস্যুদের গুলিতে একজন জেলে নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। জলদস্যুরা মাছ ধরার চারটি নৌকা থেকে মাছ-জালসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।নিহত জেলের নাম মো. ইয়াছিন (৩৮)। তিনি আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা গ্রামের আবদুল গফুরের ছেলে। আহত জেলেরাও ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বিকেল থেকে জেলেরা চারটি নৌকা নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরছিলেন। রাতে তাঁরা জলদস্যুদের কবলে পড়েন। ১৫/২০ জন জলদস্যু প্রথমে একটি নৌকা ধাওয়া করে। তারা প্রথমে দূর থেকে বেপরোয়াভাবে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বাকি তিনটি নৌকায় হামলা চালিয়ে জেলেদের মারধর করে এবং আহরিত ইলিশ মাছ, জাল প্রভৃতি লুট করে নেয়। এ সময় জলদস্যুদের গুলিতে ঘটনাস্থলে মারা যান ইয়াছিন।প্রত্যক্ষদর্শী জেলে মোহাম্মদ জাহেদ বলেন, ‘দস্যুরা ইয়াছিনের বুকে গুলি করে। দস্যুদল চলে গেলে আমরা দ্রুত উপকূলে চলে আসি।’ স্থানীয় ওয়ার্ডের সদস্য মো. ইছমাইল জানান, নিহত ইয়াছিনকে গতকাল দুপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।আনোয়ারা থানার ওসি জানান, জলদস্যুদের তাণ্ডব ও জেলে নিহত হওয়ার ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।