এক জোড়া কানের দুল চুরির ঘটনায় চার খুন
চার আনা ওজনের এক জোড়া কানের দুল চুরির ঘটনায় এক বছরে এক গ্রামে চারজন খুন হয়েছেন। পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংস হয়ে গেছে শতাধিক বসতবাড়ি। গ্রাম ছেড়ে পালিয়েছে শতাধিক পরিবার। সর্বশেষ রোববার সন্ধ্যার পর প্রতিপক্ষের গুলিতে খুন হন সোয়াদুল মিয়া (৩৫) নামের এক যুবক।ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরের হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়নের প্রত্যন্ত ধামাউড়া গ্রামের।পুলিশ ও গ্রামবাসীর অনেকে জানান, গত বছরের ২২ জানুয়ারি রাতে ধামাউড়া গ্রামের গাজী গোষ্ঠীর মো. তাজির ইসলামের মেয়ে জ্যোৎস্না বেগমের চার আনা ওজনের এক জোড়া কানের দুল চুরি হয়। গ্রামে প্রচারিত হয়, গ্রামের বারী গোষ্ঠীর মো. নুরুল্লাহ মিয়া (৩২) দুল দুটি চুরি করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন তাজির ইসলামকে ছুরিকাঘাত করেন নুরুল্লাহ মিয়া। ওই দিনই গাজী ও বারী গোষ্ঠীর কয়েক শ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ আহত হন অর্ধশতাধিক লোক।পরদিন ২৪ জানুয়ারি দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। ওই দিন দুই গোষ্ঠীর সঙ্গে গ্রামের অন্যান্য গোষ্ঠীর লোকজনও সংঘর্ষে যোগ দেন। সংঘর্ষে গাজী গোষ্ঠীর মো. বোরহান উদ্দিন (৫৫) বল্লমবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।৩০ মার্চ আবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। টেঁটাবিদ্ধ হন গাজী গোষ্ঠীর পক্ষের (সিরাজ গোষ্ঠীর) মো. জজ মিয়া (৪৫)। চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল তাঁর মৃত্যু হয়।১০ মে রাতে খুন হন বারী গোষ্ঠীর পক্ষের (তালুকদার গোষ্ঠীর) আলী হোসেনের দিনমজুর ছেলে মো. নবী হোসেন (২৫)। বারী গোষ্ঠীর লোকদের অভিযোগ, গাজী গোষ্ঠীর লোকজন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।গ্রামবাসীর অনেকে জানান, গত রোববার বিকেলে গাজী ও বারী গোষ্ঠীর লোকজন লাঠিসোঁটা, দা-বল্লম, ইটপাটকেল ও দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র (বন্দুক) নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সন্ধ্যার পরও সংঘর্ষ চলে। এতে গাজী গোষ্ঠীর নূর মিয়ার ছেলে সোয়াদুল মিয়াসহ অর্ধশতাধিক লোক আহত হন। সোয়াদুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ খবর গ্রামে ছড়ালে প্রতিপক্ষের লোকজন গ্রাম ছেড়ে পালান। এরপর গাজী গোষ্ঠীর লোকজন গতকাল সোমবার বিকেলে পর্যন্ত বারী গোষ্ঠীর অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাউল কবীর ভূঁইয়ার বসতবাড়িসহ ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান।গতকাল জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোয়াদুল মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধামাউড়া গ্রামের একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ২৩ জানুয়ারির পর গ্রামে চলতে থাকে অস্ত্রের মহড়া। এসব ঘটনায় দুই পক্ষই থানায় অস্ত্র মামলাসহ ১০-১২টি মামলা করেছে। প্রতিবার সংঘর্ষের সময় গ্রামের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিটি হত্যাকাণ্ডের পর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসে। পরিস্থিতি শান্ত হলে এক মাস পর আবার ক্যাম্প উঠে যায়। আবার সংঘর্ষের ঘটনা ঘটে।গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৪০) প্রথম আলোকে বলেন, ‘মারামারি, কাটাকাটির কারণে এক বছর ধরে গ্রামে বসবাস করি না। জেলা শহরে বসবাস করছি।’ অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘ওই গ্রামের দুই গোষ্ঠীর লোকদের বিরোধ পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। এখন চারদিকে বোরো ধান রোপণের ধুম পড়েছে। অথচ ধামাউড়া গ্রামে গেলে কোনো পুরুষ লোক চোখে পড়ে না। আমরা (ইউনিয়ন পরিষদ) বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছি।’সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘ওই গ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। আমি নিজেও গ্রামে রয়েছি। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত।’