কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের টিআর প্রকল্পের খাদ্যশস্য আত্মসাতের ঘটনায় এক টন গমের মূল্য সরকারি কোষাগারে ফেরত দিতে প্রকল্প সভাপতিদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ টাকা জমা দিতে বলা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ১৮ ফেব্রুয়ারি এ নোটিশ দেন। গত বছরের ৩০ আগস্ট প্রথম আলোয় ‘টিআরের ৩০ প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সাড়ে পাঁচ মাস তদন্তের পর প্রতিটি প্রকল্পের সভাপতিকে ৩০ হাজার টাকা করে কোষাগারে জমা দিতে বলা হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় দামপাড়া ইউনিয়নে ৩০টি প্রকল্প হাতে নেয় সরকার। গত ৩০ জুন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতিটি প্রকল্পের বিপরীতে দুই মেট্রিক টন করে গমের সরবরাহ আদেশ (ডিও) দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে চিঠি দেন। একই দিন ওই ৩০ প্রকল্পের সভাপতিদের নামে গমের পরিবর্তে ১ হাজার ৭১৪ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
প্রতিটি প্রকল্পের বিপরীতে দেওয়া খাদ্যশস্যের সরকারি দাম ধরা হয় প্রায় ৬০ হাজার টাকা। এ হিসাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় ১৮ লাখ টাকার খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দামপাড়া ইউনিয়নের কয়েকটি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন রাস্তা, কালভার্ট মেরামতের ৩০টি প্রকল্পের বেশির ভাগই পরিষদের সদস্যদের নামে। কয়েকটি প্রকল্পের সভাপতি মসজিদ বা মন্দিরের প্রধানেরা। কিন্তু এ প্রকল্পের মধ্যে ১০টিতে কোনো কাজ হয়নি। অন্য ২০টি প্রকল্পের সাড়ে আট হাজার টাকার কাজ হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুব রহমান নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই এলাকা প্লাবিত থাকায় ১০টি প্রকল্পে কাজ হয়নি। অন্য ২০ প্রকল্পের কাজ হয়েছে।
তবে পিআইও আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তিনি সব কটি প্রকল্পের কাজ পরিদর্শন করে দেখেছেন, কোনোটিতেই সঠিকভাবে কাজ হয়নি। এ জন্য ১৮ ফেব্রুয়ারি ৩০ প্রকল্পের সভাপতিদের নোটিশ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম ্রথম আলোকেবলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে না হওয়ায় নিয়ম অনুযায়ী প্রকল্পের সভাপতিদের ৩০ হাজার টাকা ফেরত চেয়ে নোটিশ করা হয়েছে। এরপর যদি কেউ টাকা ফেরত না দেয়, তবে প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।