এক টাকার জন্য পথশিশুর সঙ্গে এ কেমন বর্বরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক টাকা ভাড়া কম দেওয়ায় এক পথশিশুকে বেধড়ক পেটালেন অটোরিকশাচালক। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। অটোরিকশাচালকের পিটুনিতে শিশুটির হাত ভেঙে যায়। আহত শিশুর নাম মো. রাসেল।

শিশুটিকে মারধর করতে দেখে কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এলে অটোরিকশাচালক পালিয়ে যান। পরে শিশুটিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান শিক্ষার্থীরা।

মো. রাসেল প্রথম আলোকে বলে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে অটোরিকশায় করে সে জিরো পয়েন্টে আসে। অটোরিকশাচালককে পাঁচ টাকা দিলে তিনি আরেক টাকা চান। দিতে না পারায় তাকে গালি ও লাথি দেন। পরে গাছের ডাল দিয়ে মারতে শুরু করেন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, শিশুটিকে বেধড়ক পেটানো হয়েছে। শিশুটির হাত ভেঙে গেছে।