এক টাকায় চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়ায় এক টাকার মোড়ে রজব ব্যাপারীর চায়ের দোকান l প্রথম আলো
নাটোরের বাগাতিপাড়ায় এক টাকার মোড়ে রজব ব্যাপারীর চায়ের দোকান l প্রথম আলো

সেই দূর অতীতে ভারতীয় উপমহাদেশের লোকজনকে চা পান শিখিয়েছিল ব্রিটিশ বেনিয়ারা। সে সময় বাঙালিকে এর নেশা ধরিয়ে দিতে মোড়ে মোড়ে বিনা পয়সায় চা পান করানো হতো। আর খিলি পানের ঐতিহ্য তো বাঙালির দীর্ঘদিনের। বর্তমান বাজারে সেই চা এখন পাঁচ টাকার কমে বিকোয় না। পানের খিলির দামও অন্তত চার টাকা। তবে নাটোরের এক দোকানদার ২০ বছর ধরে এক টাকায় এক কাপ চা ও টাকায় এক খিলি পান বিক্রি করছেন।
নাম রজব ব্যাপারী (৩৯)। নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওপাড়া গ্রামের সোবাহান ব্যাপারীর ছেলে তিনি। এত কম দামে চা ও পান বিক্রির কারণে তাঁদের গ্রামটিও নতুন পরিচিতি পেয়েছে—‘এক টাকার মোড়’ নামে। নামটি উপজেলা প্রশাসন ব্র্যান্ডিং করার উদ্যোগ নিয়েছে।
রজব ব্যাপারী এর আগে চার বছর ৫০ পয়সা করে চা ও পান বিক্রি করেছেন। এখন এক টাকায় বিক্রি করছেন।
রজব বললেন, ব্যবসায় মুনাফা করা তাঁর একমাত্র উদ্দেশ্য নয়। তাঁর চাওয়া—গ্রামের খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ সকাল-বিকেল একসঙ্গে বসে চা-পান খেতে খেতে পরস্পরের খোঁজখবর নেবেন, গল্পগুজব করবেন। এতে সম্প্রীতি বাড়বে। তিনি সফলও হয়েছেন। দোকানে সকাল-বিকেল শত শত লোক চা-পান খেতে আসেন।
গত শনিবার এক টাকার মোড়ে গিয়ে দেখা যায়, পাকা রাস্তার এক পাশে ছোট দোকান। পাশে খোলা আকাশের নিচে চা তৈরির চুলা। সামনে ছড়ানো-ছিটানো কয়েকটি বেঞ্চ। দোকানে পানের ডালা ও মুদিপণ্য সাজানো। বেশ কয়েকজন লোক চা পান করছেন।
আবদুল মালেক ও সবুর হোসেন নামের দুই তরুণ জানান, তাঁদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। এখানে এক টাকা করে চা ও পান পাওয়া যায়, এ কথা বিশ্বাস করতে পারছিলেন না মালেক। তাই স্বচক্ষে দেখতে এসেছেন।
দোকানে চা পান করছিলেন স্থানীয় ঈদগাহ মাঠের সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, ‘২৪ বছর ধরে রজবের চা খাচ্ছি। শুরুতে ৫০ পয়সা করে চা-পান খেতাম। পরে এক টাকা করে খাচ্ছি।’
প্রতিবেশী মনিরুল ইসলাম বলেন, রজবের দোকানটি তাঁর জমিতে। রজব সবাইকে কম দামে ভালো চা খাওয়ান। তাই তিনি জমির ভাড়া নেন না। ভবিষ্যতেও নেবেন না। তিনি আরও বলেন, ‘রজবের অছিলায় এখন সবাই আমাদের গ্রামকে “এক টাকার মোড়” নামে চেনে। এতে আমরা খুশি।’
রজব ব্যাপারী জানান, তাঁর বড় ভাই আবদুর রাজ্জাকের মুদিদোকান ছিল। তিনি দুই যুগ আগে কাজের জন্য মধ্যপ্রাচ্যে চলে যান। তখন তিনি দোকানটির দায়িত্ব নেন। প্রথমে দোকানে ফ্লাস্কে করে চা বিক্রি করতেন। এতে ক্রেতাদের মধ্যে একঘেয়েমি চলে আসে। তখন তিনি চুলায় চা তৈরি শুরু করেন। একঘেয়েমি কাটাতে তিনি বছরে ছয় রকম স্বাদের চা তৈরি করেন। প্রতি স্বাদের চা দুই মাস ধরে বানান।
এত কম দামে চা-পান বিক্রি করে সংসার চলে কীভাবে, জানতে চাইলে রজব বলেন, ৫০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তখন চিনির কেজি ছিল ১৫ টাকা। ৫০ পয়সা করে চা বিক্রি করে প্রতি কাপে ২৫ পয়সা লাভ হতো। এখন চিনি ৫২ টাকা কেজি ও ৪০০ টাকা কেজি করে চা-পাতা কেনেন। এক টাকা কাপ চা বেচে প্রতি কাপে ১৫ থেকে ২০ পয়সা লাভ হয়। মুদিদোকান থেকে ও জায়গাজমি থেকেও কিছু আয় হয়। বছর শেষে তিনি ব্যবসার হিসাব করেন। তাতে খরচ বাদে দুই লাখ টাকার মতো লাভ থাকে। সংসার তাঁর ভালোই চলছে।
রজব ব্যাপারীর স্ত্রী ও আড়াই বছর বয়সী এক ছেলে রয়েছে। বিয়ের সময় তাঁর স্ত্রী সুবর্ণা আক্তার উচ্চমাধ্যমিকে পড়তেন। স্বামীর সহযোগিতায় তিনি এখন এনএস সরকারি কলেজ থেকে স্নাতক (সম্মান) শেষ করে স্নাতকোত্তর করছেন।
সুবর্ণা বললেন, ‘আমি স্বামীকে নিয়ে গর্ববোধ করি। তিনি পড়ালেখা করতে পারেননি। এতে তাঁর ক্ষোভ নেই। আমাকে পড়ালেখা করাতে পেরে তিনি খুশি। কম লাভে চা বিক্রি করে স্বামী সৎভাবে ও সুনামের সঙ্গে ব্যবসা করছেন। তাতে আমিও খুশি।’