তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ছাত্র ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেনকে পিটিয়ে আহত করার পর হত্যার হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক কর্মী। গতকাল শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। শাহাদাৎ হোসেন বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র। এ ঘটনায় শাহবাগ থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাৎ সকালে বাইরে তোয়ালে রেখে গোসলখানায় ঢোকেন। এ সময় ছাত্রলীগের কর্মী আবুল বাশার মোল্লা তাঁর তোয়ালে ফেলে দিয়ে সেখানে নিজের তোয়ালে রাখেন। শাহাদাৎ এর প্রতিবাদ করলে দুই দফায় তাঁকে মারধর করেন বাশার। এরপর সন্ধ্যায় হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘এস এম ডে’ শীর্ষক একটি অনুষ্ঠান কাভার করতে গেলে কর্তব্যরত অবস্থায় পুনরায় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন বাশার।হল সূত্র জানায়, বাশার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং হলের ১২৬ নম্বর কক্ষের বাসিন্দা। তিনি হলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের অনুসারী।শাহাদাৎ হোসেন জানান, কিছু বুঝে ওঠার আগেই বাশার সকালে তাঁকে মারধর করেন। এরপর বিকেলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাঁকে হত্যার হুমকি দেন।