এক টুকরা জমি এবং একটি ভূমিহীন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুঠি পাইকপাড়া গ্রামে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত পাওয়া আট শতক জমি নিয়ে সংকটে পড়েছে একটি ভূমিহীন পরিবার। একই গ্রামের এক প্রভাবশালী জমিটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নিলে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে উভয় পক্ষ প্রশাসনিক ও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। কুঠি পাইকপাড়া গ্রামের ভূমিহীন আবদুুর রাজ্জাক জানান, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৪ জুন আট শতক জমি তাঁদের নামে নিবন্ধনমূলে বন্দোবস্ত দেওয়া হয়। এরপর সেখানে একটি ঘর তৈরি করে পরিবার নিয়ে তিনি বাস করে আসছেন। কিন্তু গত বছরের ২৮ ডিসেম্বর স্থানীয় প্রভাবশালী মাসুদ উজ্জামান ওই জমি নেওয়ার জন্য বিভিন্ন প্রস্তাব দেন। তিনি এসব প্রস্তাবে রাজি হননি। এরপর তিনি নানা ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা করেছেন। এ বিষয়ে তিনি সহকারী কমিশনারের (ভূমি) কাছে অভিযোগ দিয়েছেন। তবে মাসুদ উজ্জামান দাবি করেন, ওই জমি রাজ্জাককে পাইয়ে দিতে তিনি সব ধরনের আনুষ্ঠানিকতা ও খরচ বহন করেছেন। দুজনের মধ্যে মৌখিক চুক্তি ছিল, রাজ্জাক ওই জমি তাঁকে হস্তান্তর করবেন ও বিনিময়ে একই গ্রামের ভিটে, মাঠে চার শতক কৃষি জমি নেবেন। বন্দোবস্ত পাওয়ার পর রাজ্জাক ওই জমি অন্যত্র বিক্রির আগ্রহ দেখালে তিনি (মাসুদ) নিজ খরচে এই জমিতে মাটি ভরাট ও ঘর তৈরি করে ব্যবহার করে আসছিলেন। একপর্যায়ে গত বছরের ৩ ডিসেম্বর রাজ্জাক সপরিবারে ঘর দখলে নেন। এ ব্যাপারে তিনি গত ৫ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে ৩ মার্চ রাতে আলমডাঙ্গা থানার পুলিশ আবদুর রাজ্জাককে একটি মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক ১৩ মার্চ সংশ্লিষ্ট আদালতে হাজিরার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। চুয়াডাঙ্গার বিচারিক হাকিম আদালতের পুলিশ পরিদর্শক (সিএসআই) সবুর হোসেন জানান, ঢাকার বংশাল থানার একটি মামলায় মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। সরেজমিন গেলে এলাকাবাসী জানান, আবদুর রাজ্জাক প্রকৃত ভূমিহীন। কাঠমিস্ত্রির কাজ করেই তিনি সংসার চালান। বেশির ভাগ মানুষের অভিমত, রাজ্জাক ভূমিহীন হওয়ায় মাসুদ উজ্জামান চেষ্টা-তদবির করে ওই জমি পাইয়ে দিয়েছেন। তবে ওই দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে কেউ কিছুই জানেন না।