এক টুকরো ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার মোহিনী মোহন দাস লেনে অবস্থিত ঢাকা কেন্দ্র। সেখানে রয়েছে ঢাকাবাসীর ব্যবহার্য নানা সামগ্রী, ছবি, নানা দলিল, মানচিত্র ও পুরোনো ভবনের ইট-নকশা l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার মোহিনী মোহন দাস লেনে অবস্থিত ঢাকা কেন্দ্র। সেখানে রয়েছে ঢাকাবাসীর ব্যবহার্য নানা সামগ্রী, ছবি, নানা দলিল, মানচিত্র ও পুরোনো ভবনের ইট-নকশা l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে নেমে শ্যামবাজারের দিকে এগোলে নিশ্চিত যানজটে পড়তে হবে। রাস্তার দুই ধারে নানা পণ্যের আড়ত আর রাস্তার ওপর ট্রাক-ভ্যান-পিকআপ। এসব ঝক্কি সামলে কিছুদূর গেলেই মোহিনী মোহন দাস লেনে মিলবে একটি চৌকোনা বাড়ি। এটিই ঢাকা কেন্দ্র। কেন্দ্রের ভেতরে ঢ়ুকলেই জীবন্ত হয়ে উঠবে একটি নগর।
অজস্র বই, পুরান ঢাকাবাসীর ব্যবহার্য নানা সামগ্রী, ছবি, ঐতিহাসিক নানা দলিল, মানচিত্র—বুড়িগঙ্গার পারে পত্তন হওয়া সেই নগরের বর্ণিল স্মৃতিচিহ্ন আপনাকে নিয়ে যাবে ভিন্ন জগতে। তখন বসবাসযোগ্যতার নিরিখে আজকের বিশ্বের সবচেয়ে অনুপযোগী শহরটিকে আপনি মেলাতে পারবেন না। কিছু মানুষের উদ্যোগ, নিরন্তর শ্রম একটি প্রতিষ্ঠানকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, তা দেখেও আপনি বিস্মিত হবেন।
‘ঢাকা কেন্দ্র’ একটি পারিবারিক উদ্যোগ। পুরান ঢাকার স্বনামধন্য ব্যক্তিত্ব প্রয়াত মাওলা বখ্শ সরদার। তাঁর ছেলে আজিম বখ্শ নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ‘মাওলা বখ্শ সরদার মেমোরিয়াল ট্রাস্ট’। এর পাঁচটি প্রকল্প আছে। একটি হচ্ছে পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যচর্চা। এরই ফসল ঢাকা কেন্দ্র। বাড়ির দোতলায় আছে পাঠাগার। লোহার সিঁড়ি ভেঙে আপনাকে সেখানে যেতে হবে। পাঠাগারে বইয়ের সংখ্যা সাত হাজার। বিস্ময় হলো, এর প্রায় সবই ঢাকাসংক্রান্ত! বাংলাদেশের কোনো গ্রন্থাগারে কেবল ঢাকাকে নিয়ে এত বই আছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
ঢাকা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। প্রায় দুই দশক ধরে পাঠাগারটি অজস্র পাঠক, গবেষকের প্রয়োজন মিটিয়ে চলেছে। গ্রন্থাগারে গিয়ে দেখা হলো নাজমুল হকের সঙ্গে। তিনি হুঁকো নিয়ে গবেষণা করছেন। কয়েক শতকের পুরোনো হুঁকো জোগাড় করেছেন। ঢাকা কেন্দ্রে তাঁর আসার উদ্দেশ্য এ-সংক্রান্ত বই পাওয়া। এখানে থাকা পুরোনো হুঁকোও তিনি দেখতে চান। নাজমুল হক বললেন, এই নগরের কোনো কিছু নিয়ে অনুসন্ধানী কাজ করতে গেলে ঢাকা কেন্দ্র ছাড়া অসম্ভব।
পাঠাগারে যে কেউ যেতে পারেন। বেলা চারটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা। তবে যাঁরা গবেষণার কাজে আসেন, তাঁরা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এখানে বসে কাজ করতে পারবেন। এ জন্য তিন মাসের একটি সাময়িক সদস্যপত্র তৈরি করতে হবে। এতে খরচ মাত্র ৩০ টাকা।
গবেষণার কাজে পাঠাগারে এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইকরামুল ইসলাম। তিনি মুচিদের নিয়ে কাজ করছেন। তাঁর কথা, ‘এমন শিক্ষার্থীবান্ধব পরিবেশ কোথাও দেখিনি। কেন্দ্রের প্রত্যেক মানুষ যেন সহায়তা করার জন্য মুখিয়ে আছেন।’
এই প্রতিবেদক খুঁজে পেল সেই ১৯১৭ সালে প্যাট্রিক গেন্ডেসের লেখা ঢাকা নগর উন্নয়ন পরিকল্পনা, ঢাকা: অ্যা স্টাডি ইন আরবান হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট। ঢাকার নাগরিক কেদারনাথ মজুমদার, রাধাগোবিন্দ বসাকসহ অসংখ্য ব্যক্তিত্বের ওপর বইয়ের সন্ধানও মিলল।
পাঠাগারের পাশে থাকা ছোট জাদুঘরের বিশেষত্ব হলো, এখানে পুরান ঢাকার বনেদি কয়েকটি পরিবারের ওপর আলাদা করে গ্যালারি আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কাজী আবদুর রশীদ, ইয়ার মোহাম্মদ খান মজলিশ, ভাওয়াল রাজা, রূপলাল দাস, মেয়র মোহাম্মদ হানিফ পরিবার। এখানে স্থান পেয়েছে এসব পরিবারের দুর্লভ সব ছবি, পানের ডিব্বা থেকে শুরু করে রান্নার তৈজস, হুঁকা, শাড়ি-কাপড়, লবণদানি।
সংগ্রহশালায় রয়েছে ১৮৯৬ সালে তৈরি একটি জমির দলিল। এর ভাষার অভিনবত্ব আগ্রহী গবেষকের খোরাক হতে পারে। আছে ঢাকায় প্রথম স্থাপিত মোটর সারাই কারখানার নানা যন্ত্রাংশ, প্রাচীন মানচিত্র, পুরোনো ভবনের ইট-নকশা।
পাঠাগার ও সংগ্রহশালার পাশের অর্কিডের বাগান আপনাকে হাতছানি দেবেই। এখানে আছে অন্তত এক শ প্রজাতির অর্কিড। পুরো ছাদ বেগুনি বাগানবিলাস, অর্কিড আর নানা গাছে ভরা। বই, নানা নিদর্শনের সঙ্গে উদ্যানহীন শহরে উদ্যানের সুবাতাস পাবেন। গাছে ছাওয়া খানিকটা এলাকায় আছে বসার ব্যবস্থা। ট্রাস্টের হিসাবরক্ষক মো. মনিরুজ্জামান বলেন, এখানে প্রতি মাসে ঢাকার একটি নির্দিষ্ট বিষয় ধরে আড্ডা বসে। সেই আড্ডা রেকর্ড করা হয়। আলোচ্য বিষয় পরে লিখিত আকারে প্রকাশ করা হয়।
ঢাকা কেন্দ্রের পুরোনো বই, অতীতের নানা নিদর্শনের পাশাপাশি এ কেন্দ্রের বাড়তি পাওনা চেয়ারম্যান আজিম বখ্শ। পাঠাগারে আসা অনেকেই তাঁকে ‘ঢাকার জীবন্ত ইতিহাস’ নামে অভিহিত করেন। যে কেউ তাঁর সঙ্গে কথা বললে বুঝবেন, এ মোটেও অতিশয়োক্তি না। কেন্দ্রে যিনিই আসছেন, মেতে উঠছেন তাঁর সঙ্গে আলাপচারিতায়। থাকেন গুলশানে। কিন্তু পারিবারিক স্মৃতিবাহী এ কেন্দ্রের টানে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন তাঁর হাজিরা দেওয়া চাই এখানে। বাংলাদেশের যে প্রান্তে ঢাকাকেন্দ্রিক যা কিছু তিনি পান, তা সংগ্রহ করে নিয়ে আসেন। কাজে নিরলস আজিম বখ্শ বলছিলেন, ‘সত্যি বলতে কি, বাপ-দাদার রেখে যাওয়া সম্পদই তো নাড়াচাড়া করে খাই। এই কেন্দ্র যদি কারও সামান্য উপকারেও আসে, সেটিই আমার সার্থকতা।’