এক ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় করে অপরটি পুনর্গঠন
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে একটিকে পুনর্গঠন করে অপরটিকে নিষ্ক্রিয় করেছে সরকার।
ট্রাইব্যুনাল-১-কে পুনর্গঠন করে ও ট্রাইব্যুনাল-২-কে নিষ্ক্রিয় করে আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
পুনর্গঠিত ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হয়েছেন এই ট্রাইব্যুনালের সাবেক সদস্য বিচারপতি আনোয়ারুল হক। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য করা হয়েছে ট্রাইব্যুনাল-২-এর সাবেক সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও হাইকোর্টের বিচারপতি মো. সোহরাওয়ারদীকে।
ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, সাবেক সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, ট্রাইব্যুনাল-২-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান ও এই ট্রাইব্যুনালের সাবেক সদস্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়াকে হাইকোর্টে ফিরিয়ে নেওয়া হয়েছে।