এক ট্রাক কেড়ে নিল তিন প্রাণ
সিলেটের তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় ঘটনাস্থলে দুজন ও পরে আরও একজন মারা গেছেন। আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগর পুলিশের শাহ পরান থানা এলাকার পীরেরবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন পীরেরবাজারের ব্যবসায়ী রফিক আহমদ ফকির (৪৫), সিএনজিচালিত অটোরিকশাচালক বাবুল আহমদ (২৮) ও অজ্ঞাত এক পথচারী (৩০)। এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে সিলেটগামী একটি ট্রাক পীরেরবাজার এলাকায় পৌঁছালে এর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি একজন পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টো দিকের রেস্তোরাঁয় ঢুকে এক ব্যবসায়ীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোরিকশা চালক ও ব্যবসায়ী মারা যান। আর রাত সাড়ে ১২টার দিকে পথচারী মারা যান। এ ছাড়া আহত আরও চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। তবে ট্রাকচালক পালিয়েছে। ধারণা করা হচ্ছে, চালকের সহকারী ট্রাক চালানোয় নিয়ন্ত্রণহীন হয়ে এ দুর্ঘটনা ঘটে।