এক ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় থেমে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে একজন নিহত হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আফজাল হোসেন (৩৫)। তিনি যশোরের কেতাবপুর থানার চিনাদোনা এলাকার বাসিন্দা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, জৈনাবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। ওই সময় পেছনের ট্রাকে চালকের আসনে থাকা আফজালসহ দুজন গুরুতর আহত হন। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, নিহত আফজাল পেছনের ট্রাকের চালক ছিলেন। অন্যজনের পরিচয় জানা যায়নি। ট্রাকটি আটক করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মহসিন তারেক জানান, আজ সকাল আটটার দিকে আফজাল হোসেনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।