এক ট্রান্সফরমার থেকেই আবাসিক ও সেচের বিদ্যুৎ
রাজশাহীর বাগমারায় নীতিমালা লঙ্ঘন করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একই ট্রান্সফরমার থেকে আবাসিক ও সেচপাম্পে বিদ্যুৎসংযোগ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে আবাসিক গ্রাহক ও বোরোচাষিরা বিপাকে পড়েছেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা আঞ্চলিক দপ্তর সূত্র জানায়, গ্রাহকদের সুবিধার জন্য সেচপাম্প ও আবাসিক এলাকার জন্য আলাদা ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎসংযোগ দেওয়ার নিয়ম রয়েছে। এ জন্য সেচপাম্প ও আবাসিক গ্রাহকদের আলাদা বিদ্যুৎ বিলও নির্ধারণ করা হয়েছে। এ জন্য গ্রাহকেরা সংযোগ পাওয়ার আগেই নীতিমালা মেনে বিদ্যুৎ বিভাগকে টাকা পরিশোধ করে থাকেন। তবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ে নীতিমালা না মেনেই উপজেলার ঝিকড়া, বড়বিহানালী, গণিপুর ও বাসুপড়া এলাকার কয়েকটি ট্রান্সফরমার থেকে সেচপাম্প ও আবাসিক গ্রাহকদের বিদ্যুৎসংযোগ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে। এসব এলাকার ট্রান্সফরমার অতিরিক্ত লোড টানতে না পেরে প্রায়ই নষ্ট হয়ে যাচ্ছে বলে গ্রাহকেরা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ঝিকড়ার জোয়ানভাগ এলাকায় ৩৩ জনকে আবাসিক বিদ্যুতের পাশাপাশি একটি গভীর নলকূপে সংযোগ দেওয়া হয়েছে। আবাসিক গ্রাহক আবদুল মানিক অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনিয়মের বলি হতে হচ্ছে তাঁদের।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক দপ্তরের উপব্যবস্থাপক (ডিজিএম) অরুণ কুমার কুণ্ডু জানান, তিনি বাগমারায় যোগদানের আগে এ অনিয়ম হয়েছে। আস্তে আস্তে সব ঠিক করা হবে।