এক তরুণকে ছুরিকাঘাত দুজন গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া সরঞ্জাবাড়ি গ্রামে পূর্ববিরোধের জের ধরে আল আমিন (২৭) নামের এক তরুণকে গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আল আমিনের বাবা বাবলু শেখ গত শুক্রবার থানায় একটি মামলা করেন।
ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আজিরুন বেওয়া (৬০) ও তাঁর ছেলে হামিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আল আমিনের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আল আমিন ও হামিদুল আপন মামাতো ও ফুফাতো ভাই। পূর্ববিরোধের জের ধরে হামিদুলের বড় ভাই হারেজ আলী বৃহস্পতিবার রাতে আল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। হারেজ ও তাঁর লোকজন আল আমিনকে মারপিট করে গলায় ছুরিকাঘাত করেন। আল আমিনের চিৎকার শোনে গ্রামের লোকজন এগিয়ে এলে হারেজ লোকজন নিয়ে পালিয়ে যান। পরে আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় আল আমিনের বাবা বাবলু শেখ থানায় ওই মামলা করেন।