এক তরুণীর লাশের দাবিদার দুই পরিবার
২৫ জুন, সন্ধ্যা ৬টা। উত্তরা ৪ নম্বর সেক্টরের নালায় ভেসে আছে এক তরুণীর লাশ। পরনে গোলাপি রঙের ছাপা জামা। পুলিশের হাত ঘুরে সেই লাশের ঠাঁই হয়েছে ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে। লাশের দাবিদার দুই পরিবার। এক পরিবার বলছে তরুণীটির নাম জুয়েনা খাতুন, অন্য পরিবারের দাবি সাবিনা আক্তার।
এমন পরিস্থিতিতে ওই তরুণীর লাশ এবং সাবিনার ভাই ও জুয়েনার দুই বোনের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আজ বুধবার ওই দুজনের বাবা কিংবা মায়ের নমুনাও সংগ্রহ করা হবে বলে জানিয়েছে উত্তরা পূর্ব থানার পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তরুণীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গত রোববার উত্তরা পূর্ব থানায় গিয়ে আনিসুর রহমান নামের এক ব্যক্তি তাঁর বোন সাবিনার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে উদ্ধার করা লাশটি দেখতে চান। পুলিশ আনিসুরকে মর্গে নিয়ে যায়। আনিসুর লাশটি শনাক্ত করেন। পুলিশ লাশ হস্তান্তর করে। আনিসুর সাংবাদিকদের বলেন, লাশটি তাঁর বোন সাবিনার। সাবিনা তাঁর স্বামী ফারুক আলমের সঙ্গে সাভারে থাকতেন। মাগুরার শ্রীপুরের দুই ব্যক্তি ওলিয়ার ও আরিফ চাকরির প্রলোভন দেখিয়ে সাবিনার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছিল। এরাই গত ১৬ জুন ঢাকায় চাকরির নিয়োগপত্র নিতে সাবিনাকে খিলক্ষেতে ডেকে পাঠান। ওই দিন সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাবিনা।
সাবিনার গ্রামের বাড়ি মাগুরায়। হস্তান্তরের পর রোববারই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে আনিসুর রওনা দেন গ্রামের বাড়ি উদ্দেশে। এদিকে সন্ধ্যায় দুই নারী উত্তরা পূর্ব থানায় উপস্থিত হয়ে জানান, তাঁদের বোন জুয়েনাও নিখোঁজ। তাঁরা উদ্ধার হওয়া লাশটি দেখতে চান। বিপাকে পড়ে পুলিশ। তড়িঘড়ি করে পুলিশ লাশ নিয়ে যাওয়া আনিসুরকে ফোন করে গাড়ি থামানোর জন্য বলে। আনিসুর ততক্ষণে ধামরাই এলাকায়। পুলিশ ধামরাই থেকে লাশটি আবার উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।
জুয়েনার বড় বোন হেলেনা বেগম সাংবাদিকদের জানান, জুয়েনা পোশাককর্মী। স্বামীর সঙ্গে টঙ্গীর চেরাগ আলীতে থাকতেন। দক্ষিণখানে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন ২৫ তারিখ। বাবা মেয়েজামাইয়ের জন্য ঈদের উপহার আর কিছু ইফতারি দিয়ে দিয়েছিলেন। তাই নিয়ে বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির পথ ধরেছিলেন তিনি। প্রচণ্ড বৃষ্টির জন্য গাড়ি পাচ্ছিলেন না বলে মুঠোফোনে জানান মা-বাবাকে। বাড়ি থেকে বেরোনোর ঘণ্টা দুয়েক পর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, তরুণীটির বুকের মাঝখানে ছিদ্র করা হয়েছিল। তাঁর ফুসফুস ও হৃৎপিণ্ড ছিদ্র হয়ে গেছে। গলায় ফাঁসেরও দাগ আছে। তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। নিশ্চিত তথ্য পেতে আরও কিছু সময় দরকার বলে তিনি জানান।
উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর বলেন, এ ঘটনায় লাশ উদ্ধারের দিনই থানায় একটি হত্যা মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর আরও ব্যাপকভাবে তদন্ত কার্যক্রম চালানো হবে।