এক তরুণের হারিয়ে যাওয়ার গল্প
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন বলে পরিবারকে জানিয়েছিলেন মেহেদী হাসান। কিছুদিন পর জানালেন, রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কলেজে ভর্তির জন্য তাই ছেলেকে সঙ্গে নিয়ে বাবা মো. মহসিন এলেন ঢাকায়। গেলেন রাজউক উত্তরা মডেল কলেজে। কলেজ কর্তৃপক্ষ ভর্তির ফরম দিয়ে তাঁর কাছে পিন নম্বর চাইল। টয়লেট থেকে এসে দিচ্ছেন—এমনটা বলে বের হয়ে গেলেন মেহেদী। এরপর আর কোনো সন্ধান ছিল না তাঁর।
গত ১৯ জুন ঘটে যাওয়া এ ঘটনাটি পরদিন উত্তরা পূর্ব থানার পুলিশকে জানান মো. মহসিন। থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। গতকাল মঙ্গলবার উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে থেকে মেহেদীকে উদ্ধার করেছে উত্তরা থানার পুলিশ। রাতেই বাবা মহসিনের কাছে পুলিশ তাঁকে বুঝিয়ে দিয়েছে। তবে গত রাতে র্যাব থেকে প্রকাশিত নিখোঁজের তালিকার ১৮ নম্বরে ছবিসহ স্থান পেয়েছেন মেহেদী।
মেহেদীর বাবা মো. মহসিন কুমিল্লার হোমনা থানার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মেহেদী সবার বড়।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান আজ বুধবার প্রথম আলোকে বলেন, ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর ভালো পড়াশোনার জন্য মেহেদীকে তার পরিবার কুমিল্লা শহরে পাঠায়। মেহেদী ভর্তি হন কুমিল্লা মডার্ন স্কুলে। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণিতে ওঠেন দ্বিতীয় হয়ে। কিন্তু অষ্টম শ্রেণিতে উঠতে গিয়ে ১২তম হন মেহেদী। এরপর ক্লাসে অনিয়মিত হয়ে পড়েন। একপর্যায়ে স্কুল থেকে তাঁকে বের দেওয়া হয়। কিন্তু এই সবকিছুই মেহেদী তাঁর পরিবারকে জানাননি।
মুখলেসুর রহমানের ভাষ্য, মেহেদী পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে পরিবারকে জানান। তাঁর বাবাও গ্রাম থেকে তাঁকে প্রতি মাসে টাকা পাঠাতেন। পরিবার নম্বরপত্র দেখতে চাইলে তিনি তাঁর এক বন্ধুর নম্বরপত্র দেখাতেন পরিবারকে। অন্য নামের ব্যাখ্যা হিসেবে পরিবারকে বলতেন যে স্কুলে ভর্তি হওয়ার পর তিনি নাম পাল্টিয়েছেন। একই পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন বলে জানান পরিবারকে।
এসআই মুখলেসুর আরও বলেন, কলেজে ভর্তি হওয়ার সময় বাবা সঙ্গে আসায় বিপাকে পড়েন তিনি। কারণ, এসএসসি তিনি পাস করেনি। অষ্টম শ্রেণির পর থেকেই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন। অবস্থা বেগতিক দেখে তাই পালিয়ে যান তিনি। পরে রাজলক্ষ্মী মার্কেট এলাকায় একটি দোকানে কাজ নেন। গতকাল সেখানে তাঁকে তাঁর এলাকার এক লোক দেখে চিনতে পারেন। ওই ব্যক্তি সে কথা পরিবারকে জানান। পরিবার থানায় জানালে পুলিশ গিয়ে তাঁকে নিয়ে আসে।
মেহেদীর বাবা মো. মহসিন প্রথম আলোকে বলেন, তিনি তাঁর ছেলেকে ফিরে পেয়েছেন। এখন আর তিনি এ বিষয়ে কিছু বলতে চান না।
পুলিশের বিমানবন্দর অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহিল কাফী প্রথম আলোকে বলেন, ছেলে শহরে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েই মেহেদীর পরিবার মনে করেছে যে তাদের কাজ শেষ। টাকা দিয়েছে। কিন্তু তারা ঠিকভাবে তাঁর খোঁজখবর রাখেনি বলেই এমনটা হয়েছে।