ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শিক্ষকের পদ আছে ২২৮টি। শিক্ষক আছেন ১৩৮ জন। এর মধ্যে আবার ৪০ জন শিক্ষক ছুটিতে আছেন। চার শিক্ষকের ছুটি শেষ হলেও তাঁরা কর্মস্থলে যোগ দিচ্ছেন না।১৭ বছরের চাকরিজীবনের আট বছরই ছুটি ভোগ করেছেন এমন শিক্ষকও আছেন। ওই শিক্ষক ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদানের চার দিনের মাথায় স্বেচ্ছাবসর নেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের সংখ্যাও অনেক কম। এসব কারণে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাঁচটি প্রকৌশল বিভাগসহ মোট নয়টি বিভাগ রয়েছে এখানে। সব বিভাগেই রয়েছে শিক্ষকের সংকট। বর্তমানে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ২৬ জন শিক্ষকের মধ্যে ১০ জন ছুটিতে আছেন। পুরকৌশল বিভাগে ২৬ জন শিক্ষকের মধ্যে পাঁচজন, যন্ত্রকৌশল বিভাগে ২৫ জনের মধ্যে নয়জন, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে ২২ জন শিক্ষকের মধ্যে ১০ জন ছুটিতে আছেন। এভাবে গণিত বিভাগে একজন, পদার্থ বিভাগে দুজন, রসায়ন বিভাগে একজন এবং মানবিক বিভাগে ছুটিতে আছেন দুজন শিক্ষক। এর মধ্যে অধিকাংশ শিক্ষকই শিক্ষাছুটিতে আছেন।ছুটি শেষেও যোগ দিচ্ছেন না: নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক কর্মস্থলে যোগ দিচ্ছেন না। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক শাহেদ মোহাম্মদ আকন্দ ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর উচ্চশিক্ষার জন্য এক বছরের ছুটি নিয়ে বিদেশ গমন করেন। এরপর তিনি কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়িয়েছেন। বর্ধিত এ ছুটির মেয়াদও অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু তিনি কাজে যোগ দেননি। একই বিভাগের সহকারী অধ্যাপক মো. রায়হান শরিফও ছুটি নিয়ে বিদেশ গিয়ে আর ফিরে আসেননি। ২০০৮ সালের ১৮ মে থেকে তিনি অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।তড়িৎ কৌশল অনুষদের ডিন মোহাম্মদ আবদুল মান্নান জানান, শাহেদ মোহাম্মদ আকন্দ ও রায়হান শরিফ ছুটি শেষেও কর্মস্থলে যোগ না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।মানবিক বিভাগের শিক্ষক গাজী ফরিদ ২০০৮ সালের ১৭ এপ্রিল উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যান। গত বছর তাঁর নির্ধারিত ছুটি শেষ হয়েছে। কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি। মানবিক বিভাগের প্রধান সৈয়দ জামাল আহমেদ জানান, গাজী ফরিদ স্বেচ্ছাবসরের জন্য আবেদন করেছেন।যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দীন ছুটি নিয়ে ২০০৪ সালে উচ্চশিক্ষার জন্য কানাডা যান। গত বছর তাঁর ছুটি শেষ হয়। এরপর তিনি কর্মস্থলে যোগ না দিয়েই ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে দ্রুত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়। তিনি এখনো বিদেশে অবস্থান করছেন। ওই বিভাগের প্রধান মোহাম্মদ আবদুল হান্নান জানান, মাস খানেক আগে চিঠি দেওয়ার পরও ওই শিক্ষক কর্মস্থলে যোগ দেননি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৪৬তম সিন্ডিকেট সভায় এসব শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এতে বলা হয়, কর্মস্থলে দীর্ঘ অননুমোদিত অনুপস্থিতির কারণে তাঁরা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছেন। অতএব, তাঁদের বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণ করা হোক।অভিযুক্ত চার শিক্ষক বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কর্মস্থলে যোগ দিয়েই স্বেচ্ছাবসর: ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার পর যোগদানপত্র গ্রহণের সঙ্গে সঙ্গে স্বেচ্ছাবসর নিচ্ছেন অনেকে। এঁদের মধ্যে একজন হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সাবেক অধ্যাপক নূর মাহবুব আলম চৌধুরী ওরফে ফেরদৌস। তিনি ১৯৯২ সালের ১২ মে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর উচ্চশিক্ষার জন্য কয়েক দফায় প্রায় পাঁচ বছর ছুটি ভোগ করেন। সর্বশেষ ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর এক বছরের ছুটি নিয়ে কানাডা যান। সেখানে অবস্থানকালে তিনি দুই দফায় এক বছর করে দুই বছর ছুটির মেয়াদ বাড়ান। ২০০৯ সালে তিনি দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ওই শিক্ষক তাঁর ১৭ বছরের চাকরিজীবনে কমপক্ষে আট বছর ছুটি কাটিয়েছেন। শুধু তাই নয়, সর্বশেষ তিন বছরের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদানের চার দিনের মাথায় তিনি স্বেচ্ছাবসরে যান। আর এ জন্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে অতিরিক্ত প্রায় ১০ লাখ টাকা পান।বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, কর্মস্থলে যোগদান না করলে তিনি ওই টাকা উঠাতে পারতেন না। তাই শুধু ১০ লাখ টাকার জন্যই তিনি যোগদানের কয়েক দিনের মাথায় চাকরি ছেড়েছেন। এটা এক ধরনের চালাকি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মকর্তা। শিক্ষক নূর মাহবুব আলম চৌধুরী দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।বিশ্ববিদ্যালয়ে ৪৭ জন অধ্যাপক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২৪ জন। উপাচার্য এম সবদার আলী জানান, ইতিমধ্যে অনেক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।