এক দরিদ্র গৃহবধূর আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূর বসতঘর ভেঙে দিয়েছেন তাঁর স্বামী। উপজেলার ট্যাক্সেরহাট গ্রামের চৌরির বিল গুচ্ছগ্রামে ২১ জানুয়ারি এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গৃহবধূ গুচ্ছগ্রামটির পাশের বিলে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
ওই গৃহবধূর নাম রাবেয়া বেগম (৩৫)। তিনি উপজেলার রাধানগরের দফাদারপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করে তিনি সংসার চালান। দুবার বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু তিনি এখন শুধু সন্তানদের নিয়ে বাস করছেন।
রাবেয়া বলেন, ‘স্যার, মোর ক্যাঁয়ো (কেউ) নাই। মোক বাঁচান। ঘর ভাঙ্গি দেওয়ার পর থাকি ঠান্ডাত তিনটা ছইল নিয়া খোলা মাটোত শুতি আছু। ঠান্ডায় ছইল তিনটার সর্দি-জ্বর ধরচে। জেবন আর বাঁচে না। টাকাও নাই, ঘরটা তোলো কি দিয়া। থানাত জায়া অভিযোগ দিছু। পুলিশ আইসে নাই। মুই অর কঠিন বিচার চাও।’
জানা গেছে, ১৫ বছর বয়সে বৃত্তিপাড়া গ্রামের মনোয়ার হোসেনের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। ১০ বছর পর মনোয়ারের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। দুই শিশুসন্তান রেশমা (৯) ও সুজনকে (৭) নিয়ে চলে আসেন উপজেলার ট্যাক্সেরহাট এলাকার চৌরির বিল গুচ্ছগ্রামে। সরকারি জায়গায় মাটির ঘর তুলে থাকতে শুরু করেন। কিছুদিন পর তিনি ট্যাক্সেরহাট গ্রামের মেনহাজুল ইসলামকে বিয়ে করেন। নতুন সংসারে এক ছেলেসন্তানের মা হন তিনি। একপর্যায়ে তিনি জানতে পারেন, মেনহাজুলের আরও এক স্ত্রী আছে এবং তিনি জুয়া খেলেন। এ কাজে বাধা দেওয়ায় দুই বছর আগে রাবেয়া ও সন্তানদের ফেলে মেনহাজুল চলে যান।
২১ জানুয়ারি সন্ধ্যায় রাবেয়া বাড়িতে ফিরে দেখেন তাঁর মাটির ঘরটি ভেঙে চুরমার করা হয়েছে। এ ঘটনায় তিনি পরদিন মেনহাজুলসহ পাঁচজনের কিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করেছেন।
মেনহাজুল বলেন, ‘রাবেয়া ভালো নোয়ায়। এই জন্যে অর (রাবেয়ার) ঘর মুই ভাঙ্গি দিছু। অয় কোনঠে চলি যায়, যাউক।’
এএসআই সফিউল আলম বলেন, ‘আজ শনিবার সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।’